হাজারীবাগে মুদি দোকানে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের গজমহল এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে মুদির দোকানে আগুন লেগে তিনজন পুড়ে গেছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন আলী ট্রেডার্স নামে মুদি দোকানের মালিক ফরিদ মিয়া (৩২), ওয়েল্ডিং মিস্ত্রি সাইফুল ইসলাম (২৮) ও রুহুল আমিন (২৫)।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত পরিদর্শক ভজন সরকার প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে ফরিদ মিয়ার মুদি দোকানে গ্রিল বসানোর জন্য ঝালাই করা হচ্ছিল। দোকানের পাশে থাকা গ্যাসলাইনের ছিদ্র থেকে বেরিয়ে আসা গ্যাসের সংস্পর্শে আগুনের ফুলকি লেগে আগুন ধরে যায়।
একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে মুদি দোকানের মালিক ফরিদ মিয়া ও ওয়েল্ডিং মিস্ত্রি সাইফুল ও রুহুল আমিনের শরীর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভিয়ে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠান। আগুনে মুদির দোকান ও মালামাল পুড়ে গেছে।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, ফরিদ ও সাইফুলের মুখে, হাতে ও গলা পুড়ে গেছে। রুহুলের পিঠের নিচে একটু ঝলসে গেছে। ফরিদের ১৮ শতাংশ, সাইফুলের ২৭ ও রুহুলের ৪ শতাংশ পুড়ে গেছে।