হাজারীবাগে শিশুর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপমৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে তানভিরুল ইসলাম (১১) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে রায়েরবাজার হাইস্কুলের শিক্ষার্থী ছিল।

আজ শুক্রবার দুপুরে শিশুটি বাথরুমে দরজা বন্ধ করে কাপড় টানানোর রশিতে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে জানিয়েছে পরিবার। তবে এর কারণ জানাতে চায়নি পরিবার।

তানভিরুল ইসলামের বাবা জসিম উদ্দিন ধানমন্ডি গ্রীন ভিউ হাসপাতালের ম্যানেজার। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া গ্রামে।

তানভিরুলের বড় ভাই কাউসার পারভেজ প্রথম আলোকে বলেন, দুপুরে তানভিরুল বাথরুমে গোসল করতে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও বের হচ্ছিল না। দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজার ওপরের ফাঁকা জায়গা দিয়ে দেখা যায় সে গলায় গামছা পেঁচিয়ে কাপড় টানানোর রশিতে ঝুলছে। দরজা ভেঙে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এসআই মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। পরিবার বলছে, আত্মহত্যা। কিন্তু কোনো কারণের কথা বলছে না তারা। মাত্র ১১ বছর বয়সী শিশু আত্মহত্যা করেছে, এটা রহস্যজনক। এ কারণে ময়নাতদন্ত করা হচ্ছে।

কাপড় টানানোর রশিতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করলে এটা বলা সম্ভব হবে। পরিবারের এই বক্তব্যটিও নিয়েও সন্দেহ রয়েছে। এগুলো তদন্ত করে দেখা হচ্ছে।