হাজেরার ৪০ ‘সন্তানের’ মধ্যে বড় মেয়ে এইচএসসি পাস করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের জন্য আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজেরা বেগম। তাঁর হাতে সম্প্রতি প্রকাশিত বই ‘কাইন্ডনেস ম্যাটারস’। বইয়ে হাজেরা বেগমের জীবনের গল্পও স্থান পেয়েছে। তাঁর মেয়েটির ছবি প্রথম আলোর নীতি মেনে প্রকাশ করা হলো না
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে হাজেরা বেগমের বাড়িতে আনন্দের বন্যা। তাঁর ৪০ ‘সন্তানের’ মধ্যে সবার বড় মেয়ে ফাল্গুনী (ছদ্মনাম) এবার এইচএসসি (জিপিএ ৪.০৮) পাস করেছেন। ছোটবেলায় মেয়েকে চিকিৎসক বানাতে চেয়েছিলেন, কিন্তু বিজ্ঞান বিভাগে না পড়ে মানবিক বিভাগে পড়ায় সেই সুযোগ নেই। এখন হাজেরার স্বপ্ন মেয়ে বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে।

বিভিন্ন ব্যক্তি, ট্রাস্ট ও সংগঠনের সহায়তায় যৌনকর্মীদের সন্তানদের নিয়ে ‘শিশুদের জন্য আমরা’ সংগঠন গড়ে তোলা হয়েছে। হাজেরা বেগম এটির প্রতিষ্ঠাতা সভাপতি।

সংগঠনের তত্ত্বাবধানে ৪০ শিশু–কিশোর রয়েছে। এদের মধ্যে ফাল্গুনীই প্রথম এইচএসসি পাস করেছেন। সংবাদ শুনে রোববার ফল প্রকাশের পর সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী মিষ্টি কিনে পাঠিয়েছিলেন। ৪০ ভাই–বোন সেই মিষ্টি খেয়ে আনন্দিত। হাজেরা বলেন, ‘শুধু এই মেয়ে না, আমার অন্য ছেলেমেয়েরাও পড়াশোনায় খুব ভালো। ভবিষ্যৎই বলে দেবে এরা কতটুকু পড়ার সুযোগ পাবে।’

পরীক্ষার ফলাফলে খুশি ফাল্গুনী হাসতে হাসতে প্রথম আলোকে বলেন, ‘আমার যে আলাদা একটা পরিচয় আছে, তা অনেক পরে জানতে পেরেছি। ছোট থেকেই জেনে এসেছি আমার আম্মুর নাম হাজেরা। আমি হাজেরা বেগমের মেয়ে। জন্মনিবন্ধনেও মায়ের নামের জায়গায় আম্মুর নাম লিখেছি। আমার আসল মা যৌন পেশা ছেড়ে কাজের জন্য বিদেশে গেছেন। তাঁর পেশা নিয়ে এখন আর আমার মাথাব্যথাও নেই।’
‘মায়ের পেশা নিয়ে আগে রাগ হতো। তবে এটাও ভাবি, মা তো আমার ভালোর জন্যই হাজেরা আম্মুর কাছে রেখে গিয়েছেন। তাই এখন আর রাগ করি না’—বলছিলেন ফাল্গুনী।

রাজধানীর একটি বেসরকারি কলেজ থেকে এইচএসসিতে পাস করেছেন ফাল্গুনী। তাঁর পড়াশোনায় দুই বছরে খরচ হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা। অস্ট্রেলিয়াপ্রবাসী ছয় শুভানুধ্যায়ী এ টাকা দিয়েছেন। তবে অর্থদাতাদের নাম–পরিচয় প্রকাশ করতে রাজি হননি হাজেরা।

সাত সদস্যের একটি কমিটির মাধ্যমে ‘শিশুদের জন্য আমরা’ সংগঠন পরিচালিত হচ্ছে। সংগঠনটি সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধিত। সংগঠনটির বয়স এক যুগ পার হয়েছে।

হাজেরা বেগমের জীবনের গল্পটাও অন্য রকম। সৎমায়ের অত্যাচারে আট-নয় বছর বয়েসই ঘর ছাড়তে হয়েছিল তাঁকে। ঘর ছেড়ে পথে নেমে কখনো পকেটমার হওয়া, কখনো সরকারের আশ্রয়কেন্দ্রে বেড়ে ওঠা। একপর্যায়ে শিশু বয়সেই হাজেরা জড়ান যৌন পেশায়। অনেক চেষ্টায় পরে এ পেশা ছেড়ে দেন। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই যৌনকর্মীদের ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে আগ্রহী হন তিনি। কোনো মেয়ে যেন এই পেশায় যেতে বাধ্য না হয়, সে জন্য এই শিশুদের নিয়ে কিছু করার প্রয়াস থেকে ‘শিশুদের জন্য আমরা’ সংগঠন প্রতিষ্ঠা করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের এইচআইভি-এইডস নিরোধ কার্যক্রমের আওতায় ২০০০ সালে রাজধানীর ভাসমান যৌনকর্মীদের নিয়ে ‘দুর্জয় নারী সংঘ’ নামের একটি সংগঠন গড়ে তোলা হয়। ওই সংগঠনের একজন সক্রিয় কর্মী হয়ে ওঠেন হাজেরা। দুর্জয় নারী সংঘে থেকে যৌনকর্মীদের সন্তানদের নিয়ে ‘দুর্জয় শিশু নিবাস’ গড়ে তোলেন তিনি। ২০০৮ সালে নিবাসটির জন্য বিদেশি সহায়তা বন্ধ হয়ে গেলে হাজেরা নিজের জমানো টাকাসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে এই শিশুদের দেখভাল করতে থাকেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাঁরা দুর্জয়ের শিশুদের সহায়তা করতেন, তাঁদের সহায়তাসহ বিভিন্নজনের সহায়তা নিয়ে হাজেরা ২০১০ সালে সাভারে ‘শিশুদের জন্য আমরা’ সংগঠনটি শুরু করেন। পরে তা রাজধানীতে স্থানান্তরিত হয়।

হাজেরা বলেন, ফাল্গুনী যখন দুর্জয় শিশু নিবাসে আসে, তখন তার বয়স ছিল বড়জোর তিন বছর। আদাবরের বাড়িতে হাজেরা বেগমের গল্প আর শেষ হয় না। বললেন, ‘আমার জীবনের গল্প নিয়া ইংরেজি একটা বই বাইর হইছে। আমার মেয়ে ফাল্গুনীই তো ওই ইংরেজি পইড়া বাংলাটা বলছে। আমি তো আর ইংরেজি পড়তে পারি না।’

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর আটটি রিসার্চ সেন্টারের মধ্যে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র রিসার্চ সেন্টার ইউনেসকো মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট। গত বছরের নভেম্বরে এ সেন্টারের উদ্যোগে দিল্লির পেঙ্গুইন ইন্ডিয়া থেকে ‘কাইন্ডনেস ম্যাটারস’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। এতে বিশ্বের ৫০ জনের উদ্যোগ বা গল্প স্থান পেয়েছে। সেখানেই হাজেরার জীবনের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘আম্মু’ নামের একটি লেখা।

বইটি নিয়ে কথা হয় ইউনেসকো মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের রিথিংকিং ইয়োথ প্রোগ্রামের কনসালট্যান্ট নুরুল হাসনাতের সঙ্গে। তিনি বলেন, বাংলাদেশে একজনের উদ্যোগ নিয়ে লেখার জন্য তিনি দায়িত্ব পেয়েছিলেন। দীর্ঘদিন ধরেই কাজের সূত্রে হাজেরা বেগমের সঙ্গে পরিচয় তাঁর। ব্যতিক্রমী কাজের জন্য হাজেরা বেগমের নাম প্রস্তাব করলে কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়। বইটি ইউনেসকোর সদর দপ্তরে সাধারণ সভায় উপস্থাপন করা হবে।

‘শিশুদের জন্য আমরা’ সংগঠনের সহসভাপতি মশিউল আজম ২০০৬ সাল থেকে যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করছেন। মশিউল আজম বললেন, আদাবরে বাসা ভাড়া বাবদ ৪৮ হাজার টাকা দিচ্ছে একটি পারিবারিক ট্রাস্ট ও বেসরকারি একটি সংগঠন। উন্নয়নকর্মী এ এস এম ইকবালের নেতৃত্বে ‘অন্য রকম জন্মদিন’ নামে একটি উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এ উদ্যোগে অনেকেই তাঁদের বা প্রিয়জনের জন্মদিনে এই শিশুদের জন্য খাবার পাঠান। ফাল্গুনীসহ আটজনের পড়াশোনার খরচ দিচ্ছেন সমাজের বিত্তবান কয়েকজন। এর বাইরে সমাজের অন্যান্য বিত্তবান ও শুভানুধ্যায়ীদের অনুদানে ফাল্গুনীদের থাকা, খাওয়া ও পড়াশোনার খরচ চালানো হচ্ছে। এই ব্যক্তিরা হাত গুটিয়ে নিলে বন্ধ হয়ে যাবে ফাল্গুনীদের নতুন জীবনের স্বপ্ন দেখা।