রাজধানীর বিভিন্ন পশুর হাটে গতকাল থেকে টুকটাক পশু বেচাকেনা শুরু হয়েছে। কোরবানির হাট এখনো জমে না ওঠায় ব্যবসায়ীরা কিছুটা হতাশ। তবে তাঁদের বড় অংশটিই বলছেন, পশুর দর এবার ভালো। আর দাম শুনে আঁতকে উঠছেন ক্রেতারা। ক্রেতারাও হাট জমার অপেক্ষায় বসে আছেন। তাঁদের আশা, ভিড় বাড়লেই দাম কমবে। স্থায়ী হাট গাবতলীর পরিচালনা কমিটির প্রতিনিধি সাইদুল ইবনে হাসিব বললেন, গতকাল কয়েকটি ছোট গরু বিক্রি হয়েছে। তাঁর মতে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থেকে হাটগুলো পুরোদমে জমে উঠবে। তখন ক্রেতার চাপ ও পশুর সংখ্যা বাড়লে আসল দর বোঝা যাবে। গতকাল গাবতলীতে গিয়ে দেখা যায়, কিছু কিছু ক্রেতা আসছেন। তাঁদের অনেকে গরু কিনছেনও। এ হাটে গতকাল গরু কিনেছেন আতিউর রহমান। তিনি বললেন, এক লাখ ১০ হাজার টাকা থেকে দরাদরি করে ৭৫ হাজার টাকায় একটি গরু কিনতে পেরেছেন। তাঁর হিসাবে, গতবারের তুলনায় হাজার দশেক টাকা বেশি লেগেছে। অনেক ক্রেতা দাম শুনে ফিরে যাচ্ছেন।এ হাটে গরু কিনতে আসা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গত বছর তিনি একটি গরু কিনেছিলেন ৫৭ হাজার টাকায়। সেটার দর হাঁকা হয়েছিল ৭০ হাজার টাকা। গতকাল একই মাপের গরুর দাম তাঁর কাছে চাওয়া হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। আগারগাঁও তালতলা অস্থায়ী পশুর হাটে আসা আজিজুল হক এ প্রতিবেদককে বলেন, ব্যাপারিরা ৪০ হাজার টাকার গরুর দাম হাঁকছেন দেড় লাখ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী হাটগুলোতে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হওয়ার কথা গতকাল দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে।এদিকে দুই হাটেই বেশির ভাগ ব্যাপারি বলছেন, দাম বাড়লেও তা অযৌক্তিক বা ক্রেতাদের নাগালের বাইরে নয়। গাবতলীর আবদুল আওয়াল বলেন, মাংসের দাম কেজিপ্রতি যতটা বেড়েছে, সে হিসাবে গরুর দাম বাড়েনি। এ হাটের ব্যাপারি আবু বকরের মতে, একেকটা গরুতে দাম বড়জোর দুই-এক হাজার টাকা বেড়েছে। তালতলা হাটের ব্যাপারি মিন্টু মিয়া বললেন, দাম গতবারের তুলনায় খুবই কম। একই হাটের ব্যাপারি আবদুুল করিম অবশ্য বললেন, পশুর দাম গতবারের চেয়ে খুব বেশি।গাবতলীতে জাল নোট শনাক্ত করার কেন্দ্রগুলোতে ব্যবসায়ীদের ভিড় দেখে বোঝা যায়, বেচাকেনা শুরু হয়েছে। একইভাবে ইজারাদারের কমিশন বা হাসিল দিতে সংগ্রহকারীর ঘরে ক্রেতাদের ভিড় বেড়েছে। গাবতলী, তালতলা ও আরমানিটোলা হাটের আশপাশে কাগজের ফুলের মালা, রং, দড়ি, খড়, ছালা—এসবের মৌসুমি ব্যবসায়ীদেরও বেচাকেনা বেড়ে গেছে।