হাটে পশু আসছে বেশি বেচাকেনা জমেনি
আটটি গরু নিয়ে গত রোববার গাবতলী হাটে এসেছেন ব্যাপারি আইয়ুব আলী। দরদাম হয়েছে, কিন্তু একটা গরুও বিক্রি হয়নি তাঁর। একই অবস্থা আরেক ব্যাপারি মো. শাহীনের। নয়টি গরু নিয়ে দুই দিন আগে এসেছেন তিনি, একটিও বিক্রি হয়নি। একই অবস্থা রাজধানীর অন্য হাটগুলোতে।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর পশুর হাটে এবার সরবরাহ বেশি। কিন্তু কেনাবেচা এখনো শুরু হয়নি। টুকটাক বেচাকেনা শুরু হয়েছে, সেটাও ব্যাপারিদের মধ্যে সীমাবদ্ধ। খুচরা ক্রেতাদের আনাগোনা এখন নেই বললেই চলে। তবে ব্যবসায়ী ও হাট পরিচালনা কমিটির সদস্যরা আশা করছেন, আগামী দু-এক দিনের মধ্যে কেনাবেচা পুরোদমে শুরু হবে।সরেজমিনে দেখা যায়, এবার দেশি গরুর চেয়ে আমদানি করা গরুর সংখ্যা বেশি। বেশির ভাগই ভারতীয় গরু। ব্যাপারিরা জানালেন, এবার সীমান্তে উত্তেজনা কম। গোলাগুলিও হয়নি। তাই নির্ভয়ে ভারত থেকে গরু আনছেন ব্যাপারিরা। গতকাল দুপুরে গাবতলী হাটে গরু কিনতে এসেছেন মিরপুরের বাসিন্দা সাইদ আহমেদ। বড় আকারের একটি গরুর দাম জিজ্ঞেস করতেই ব্যাপারি সালাউদ্দিন তিন লাখ টাকা হাঁকলেন। সাইদ আহমেদ এক লাখ টাকা দাম বললেন। এর ১৫-২০ মিনিট পর এ প্রতিবেদক একই গরুর দাম জানতে চাইলে এবার ব্যাপারি হাঁকালেন সাড়ে তিন লাখ টাকা। পরে তিনি নিজেই বললেন, ‘ভাই, যা দাম বলি ক্রেতা তার অর্ধেকেরও কম বলে।’ব্যাপারিরা বললেন, দাম বেশি চাওয়া হলেও সে অনুযায়ী বিক্রি করতে পারছেন না তাঁরা। এ কারণে কম লাভে গরু বিক্রি করছেন তাঁরা। তবে বড় গরুর ক্ষেত্রে বেশি দাম হাঁকা হলেও ছোট গরুর দাম কমই বলছেন। আগারগাঁও তালতলা পশুর হাটের কয়েকজন বললেন, খাবারের দাম বাড়ার কারণে এবার গরুর দামও বেড়ে গেছে। সুমন মিয়া নামের এক ব্যাপারি বলেন, ‘দাম শোনার পর ক্রেতারা কোনো কিছু না বইল্লা চইল্লা যায়।’ আহসান কবীর নামের এক ক্রেতা বললেন, ‘দাম শুইনা মাথা ঘুইরা গেছে।’ গাবতলী পশুর হাট পরিচালনার দায়িত্বে থাকা সাইদুল ইবনে হাসিব বলেন, হাটে প্রতিদিন চার-পাঁচ হাজার গরু আসছে। এর সঙ্গে আছে প্রায় এক হাজার ছাগল। এখান থেকে রাজধানীর বিভিন্ন হাটে নেওয়ার জন্য ব্যাপারিরা আসছেন। তিনি বলেন, খুচরা ক্রেতাদের মধ্যে যাঁদের পশু রাখার জায়গা আছে, তাঁরাই কিনছেন। আবার কেউ কেউ আসছেন বাজারের পরিস্থিতি দেখতে। নিরাপত্তাব্যবস্থা: এদিকে গতকাল দুপুর ১২টার দিকে গাবতলী হাট পরিদর্শনে যান ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিটি পশুর হাটে জাল টাকা, চাঁদাবাজি রোধসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জাল টাকা চিহ্নিত করতে প্রতিটি হাটে শনাক্তকরণ যন্ত্র বসানো হয়েছে।