হাত জোড় করে বলছি, বন্ধ করুন: মিজানুর রহমান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান রাজনৈতিক নেতাদের উদ্দেশে মিনতি করে সাধারণ মানুষের ওপর চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে তিনি এর তীব্র নিন্দা জানান।
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেশে চলমান অবরোধ কর্মসূচিতে পেট্রলবোমা, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ লোকজনকে দেখতে গিয়ে কমিশনের চেয়ারম্যান এ আহ্বান জানান।
বেলা সোয়া ১১টার দিকে মিজানুর রহমান বার্ন ইউনিটে যান। তিনি বলেন, ‘আমি আবারও জোর গলায় বলতে চাই, সাধারণ মানুষের বিরুদ্ধে আপনাদের যুদ্ধ বন্ধ করুন। তৎপরতা বন্ধ করুন। আমি দুই হাত জোড় করে বলছি, দয়া করে এগুলো বন্ধ করুন। ’
মিজানুর রহমান আরও বলেন, ‘জনাব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনাতেও আমরা তীব্র নিন্দা জানাই। তাঁকে দেখতে অনেকেই ছুটে যান। অনেকে বিবৃতি দিয়েছেন। রাজনৈতিক দলের নেতারা উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন। কিন্তু বার্ন ইউনিটে যে রিকশাচালক, সিএনজিচালক, ছাত্র, শিক্ষকসহ সাধারণ মানুষ দগ্ধ হয়েছেন, তাঁদেরকে কতজন দেখতে এসেছেন? প্রধানেরা কে কে বিবৃতি দিয়েছেন? ’
বার্ন ইউনিটে অবরোধে দগ্ধ মানুষদের দেখার পর মিজানুর রহমান বলেন, ‘চারদিকে যা ঘটছে এবং বার্ন ইউনিটে যে দৃশ্য, তা দেখার পর মানুষের পক্ষে স্বাভাবিক থাকা কঠিন এবং কষ্টকর।’ তিনি রাজনীতির নামে মানুষ হত্যা বন্ধ করার জন্য যারা এগুলো করছে, তাদের কাছে আহ্বান জানান।
সহিংসতার বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে
দুপুর ১২ টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) শহীদুল হক বার্ন ইউনিটে যান। তিনি দগ্ধ রোগীদের সহমর্মিতা জানিয়ে বলেন, যাঁরা দগ্ধ হয়েছেন তাঁদের বেশির ভাগই দরিদ্র। রিকশাচালক, সিএনজিচালক। তাঁদের ভয়াবহ অবস্থা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন।
শহীদুল হক বলেছেন, যারা সহিংসতা করছে, তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।
আইজি বলেন, দেশে যে ধরনের চোরাগোপ্তা হামলা হচ্ছে, তা পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এ ধরনের সহিংসতার সঙ্গে যারা জড়িত, তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে, অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
টেলিফোনে বার্ন ইউনিটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হরতাল, অবরোধে দগ্ধ রোগীদের সুচিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসার দায়িত্ব সরকার বহন করছে।
সামন্ত লাল সেন বলেন, শারীরিক চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পর এই মানুষগুলোর জন্য মানসিক চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। একেকজন যেভাবে দগ্ধ হয়েছেন, তাঁদের পক্ষে রিকশা বা সিএনজি চালানো বা কাজ করে খাওয়া প্রায় অসম্ভব। তাই এই মানুষগুলোর জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করাও জরুরি।
বার্ন ইউনিটের দেওয়া তথ্য অনুযায়ী, অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২২ জন বিভিন্নভাবে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এর মধ্যে তিনজন মারা গেছেন। বর্তমানে ভর্তি আছেন ১২ জন। এঁদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর।