হাত থেকে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় গতকাল বুধবার মধ্যরাতে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ভাঙারি দোকানের মালিক নাদের আলী (৫০), তাঁর চার কর্মচারী নূর নবী (৫১), ইউসুফ (৪৯), হেলাল উদ্দিন শেখ (৫০) ও সিদ্দিক (৫০)। চিকিৎসকেরা বলেন, দগ্ধ ব্যক্তিদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকেরা প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে নাদের ও তাঁর কর্মচারীরা পুরোনো গ্যাস সিলিন্ডার সরাচ্ছিলেন। এ সময় একটি গ্যাস সিলিন্ডার হাত থেকে পড়ে বিস্ফোরিত হয়। সিগারেটের উচ্ছিষ্ট অংশের সংস্পর্শে আগুন ছড়িয়ে পড়ে। এতে নাদের ও তাঁর চার কর্মচারী দগ্ধ হন।
আশপাশের লোকজন দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, দগ্ধ নাদের আলীর শরীরের ৪৩ ভাগ, হেলাল উদ্দিনের ৮৫, নূর নবীর ৪২ ও ইউসুফের শরীরের ১২ ভাগ পুড়ে গেছে। ইউসুফ ছাড়া বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক।