হাতাহাতিতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপড়ের বস্তা লঞ্চে তোলাকে কেন্দ্র করে ঢাকার সদরঘাট এলাকায় গত সোমবার রাতে শ্রমিকদের দুই পক্ষে হাতাহাতি হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শ্রমিকেরা বলেন, বিআইডব্লিউটিএর শ্রমিকেরা সদরঘাটে যাত্রীদের ব্যক্তিগত মালপত্র বহন করেন এবং ইজারাদারের শ্রমিকেরা বাণিজ্যিক পণ্য বহন করেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক যাত্রী এক বস্তা জাকাতের কাপড় নিয়ে লঞ্চঘাটের দুই নম্বর গেটে আসেন। এ সময় বিআইডব্লিউটিএর এক শ্রমিক বস্তাটি বহন করতে গেলে ইজারাদারের শ্রমিকেরা বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয় দুই শ্রমিকের মধ্যে। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিআইডব্লিউটিএর শ্রমিকনেতা শাহীন আলম বলেন, সংঘর্ষে ছাত্তার, সুমন, নিজাম, শাহীন ও বাচ্চু নামে তাঁদের পাঁচজন আহত হয়েছেন। অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছিল। কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।