হাতি দিয়ে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতি দিয়ে টাকা আদায় করছেন মাহুত​। ছবিটি যাত্রাবাড়ীর ডেমরা রোড থেকে তোলা l প্রথম আলো
হাতি দিয়ে টাকা আদায় করছেন মাহুত​। ছবিটি যাত্রাবাড়ীর ডেমরা রোড থেকে তোলা l প্রথম আলো

শুক্রবার বেলা একটা। রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা সড়কে বাঁশেরপুল নামক স্থানে একটি হাতি নিয়ে উৎসুক জনতার ভিড়। হাতিটির মালিক আনোয়ার হোসেন রাস্তার প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের সামনে হাতিটিকে দাঁড় করাচ্ছেন। এরপর হাতি তার লম্বা শুঁড় এগিয়ে দিচ্ছে গাড়ির চালক বরাবর। নিরুপায় চালক বাধ্য হয়ে হাতির শুঁড়ে গুঁজে দিচ্ছেন বিভিন্ন অঙ্কের টাকা। তখন হাতিটি টাকা তুলে দিচ্ছে তার পিঠে থাকা মালিক আনোয়ারের কাছে। এভাবে রাস্তা থেকে হাতি দিয়ে টাকা আদায় করছেন আনোয়ার। অথচ যানবাহন আটকে টাকা তোলার কারণে ব্যস্ত সড়কে লেগে যায় যানজট।
হাতির মালিক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই হাতি আমার সব। হাতিই চালায় আমার সংসার। মানুষ খুশি হয়ে যা দেয়, তাই গ্রহণ করে আমার হাতি। হাতিটি সিলেটের।’
সরেজমিনে দেখা যায়, স্টাফ কোয়ার্টার মোড় থেকে হাতিটি রাস্তার যানবাহন আটকাতে শুরু করে। এর দুই কিলোমিটার দূরে বাঁশেরপুল, কোনাপাড়া ও মাতুয়াইল মোড়ে শতাধিক গাড়ি আটকে টাকা তোলে হাতিটি। অত্যন্ত দক্ষতার সঙ্গে যানবাহনের সামনে দাঁড়িয়ে শুঁড় দিয়ে টাকা গ্রহণ করে। হাতির দক্ষতায় মুগ্ধ হয়েই টাকা তুলে দেন গাড়ির চালকেরা।
হাতিটিকে টাকা দেওয়া প্রাইভেট কারের চালক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাতিটি কত সুন্দরভাবে তার শুঁড়টি আমার কাছে এগিয়ে দিল। মানুষও এত সুন্দর করে টাকা চাইতে পারে না। খুশি হয়েই আমি হাতিটিকে ৫০ টাকা দিয়েছি।’
কোনাপাড়ার বাসিন্দা আবদুর রশিদ বলেন, ‘রাস্তায় যানবাহন আটকে টাকা আদায়ের কারণে রোডে যানজট দেখা দেয়। এতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়।’ তবে উপস্থিত জনতা প্রথম আলোকে বলেন, হাতিটি যে গাড়িকে টার্গেট করে থামায়, সেই গাড়ির চালককে অবশ্যই টাকা দিতে হয়। টাকা না দিলে গাড়ির সামনে থেকে সরে না হাতি।
সরেজমিনে দেখা যায়, হাতিটি পানের দোকান থেকে শুঁড় দিয়ে পান নিয়ে তার মালিক আনোয়ারের কাছে তুলে দেয়। আনোয়ার বললেন, ‘আমার হাতির অনেক বুদ্ধি। আমাকে নানাভাবে সাহায্য করে। ও আমার বন্ধু। আমি যা বলি, তা বুঝতে পারে। তাই আমি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসি।’