হাতি নিয়ে হুলুস্থুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতি
হাতি

ভোর চারটা! রাজধানীর মতিঝিল থানার সামনে মাহুত ছাড়াই ঘোরাঘুরি করছিল একটি হাতি। উপায় না দেখে ওই থানার পুলিশ ফোন করে ঢাকা অঞ্চলের শীর্ষ বন কর্মকর্তা অসীত রঞ্জন পালকে। কিছুক্ষণের মধ্যে বনকর্মীদের একটি দল নিয়ে তিনি চলে যান থানার সামনে। উদ্দেশ্য হাতিটিকে বশে এনে আটকে ফেলা। কিন্তু কে শোনে কার কথা! ধরতে গেলেই ছুট লাগায় হাতিটি।
মতিঝিল থানার সামনে থেকে হাতিটি প্রথমে যায় মতিঝিলের শাপলা চত্বরের দিকে। আর সেই হাতিকে অনুসরণ করতে থাকেন অসীত পাল ও বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিকসহ বন বিভাগের ১৩ জন কর্মী এবং পুলিশের দুটি ভ্যান। হাতিটির গতিবিধি নিয়ে কথা হয় বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিকের সঙ্গে। তিনি বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে হাতিটি মতিঝিলের শাপলা চত্বরে যায়। হাতিটি একবার ডানে যায়, তো আবার যায় বাঁয়ে। একপর্যায়ে হাতিটি সামনের দিকে এগোতে থাকে। আবার হঠাৎ দাঁড়িয়ে পড়ে। যখনই দাঁড়িয়ে পড়ে তখনই আমরা উদ্বিগ্ন হচ্ছিলাম। না জানি, এটা রাস্তার পাশের দোকানপাটের কোনো ক্ষতি করে বসে। একপর্যায়ে হাঁটতে হাঁটতে শাহজাহানপুর-খিলগাঁও-বাড্ডা লিংক রোড হয়ে কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট রাস্তার দিকে চলে যায়। সেখান থেকে একপর্যায়ে ঢাকার সীমানার কাছাকাছি চলে যায় হাতিটি।

তিন ঘণ্টা চেষ্টার পর গতকাল সকালে হাতিটিকে ধরে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয় l ছবি: সংগৃহীত
তিন ঘণ্টা চেষ্টার পর গতকাল সকালে হাতিটিকে ধরে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয় l ছবি: সংগৃহীত

অসীম মল্লিক বলেন, বারিধারায় হাতিটিকে বাধা দেয় পুলিশের একটি দল। পরে হাতিটিও গতি বদলায়। সেটি এবার যেতে থাকে কুড়িল বিশ্বরোড হয়ে খিলক্ষেতের দিকে। একপর্যায়ে হাতিটি পিংক সিটির কাঁটাতারে ঘেরা সীমানায় ঢুকে পড়ে। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল হাতিটিকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া। এটা ছিল নির্জন স্থান। ইতিমধ্যে বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে মাহুতসহ উদ্ধারকারী দল চলে আসে। মাহুতরা বিভিন্ন ভাষায় হাতিকে বশে আনতে চাচ্ছিলেন কিন্তু পারছিলেন না। একপর্যায়ে কাঁটাতারের সীমানার ভেতরে বিশেষ কৌশলে হাতিটিকে ঘুমের ইনজেকশন দেওয়া সম্ভব হয়।’ অসীম মল্লিক আরও বলেন, এত বড় প্রাণী, ইনজেকশন প্রথমে কাজ করছিল না। কিছুক্ষণ পর হাতিটি ঝিম ধরে। পরে সেটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একটি ট্রাকে করে সেটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়। তিন ঘণ্টার অভিযানে সকাল সাতটার দিকে হাতিটি নিয়ন্ত্রণে আসে।
অসীম মল্লিক বলেন, হাতিটি কোন জায়গা থেকে মতিঝিলে গেল, সেটা আর জানা গেল না।