হাতিরঝিল প্রকল্প এলাকায় ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় হাতিরঝিল-বেগুনবাড়ি সমন্বিত প্রকল্প এলাকায় ২০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল মঙ্গলবার রাজউকের অভিযান পরিচালনাকারী দল এসব স্থাপনা উচ্ছেদ করে। অভিযানে প্রায় আড়াই বিঘা জমি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে রাজউক সূত্র। র‌্যাব, পুলিশ ও সেনাসদস্যদের সহায়তায় গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে তিনটি বুলডোজার ব্যবহার করা হয়। বেশির ভাগ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজারের সাহায্যেই। এ ছাড়া রাজউকের ২৫ জন শ্রমিক শাবলের সাহায্যেও অবৈধ স্থাপনা ও দোকানপাট ভেঙে দেন। হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের ভেতরে রাজউকের অনুমোদন ছাড়াই এখানে চারটির মতো পাকা ভবন ও কাঁচা-পাকা বাড়িঘর গড়ে ওঠে। অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের জন্য নির্ধারিত রাস্তা করার জন্য এখানে জায়গা উদ্ধার করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান চৌধুরী বলেন, হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের ভেতরে ১০-১২ বছর ধরে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বিভিন্ন সময় তাদের নোটিশ দেওয়া হলেও তারা কর্ণপাত করেনি। অভিযানে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা ও শহীদুল ইসলাম ভূঁইয়া ছাড়াও সংশ্লিষ্ট কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে রাজউক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ঢাকা ওয়াসা এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। প্রকল্পে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। মগবাজার-পরীবাগ-কারওয়ান বাজার-তেজগাঁও-রামপুরাসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়। পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে মালিবাগ, রামপুরা এলাকার যানজটও কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সোনারগাঁও হোটেলের পেছন থেকে রামপুরা সেতু হয়ে প্রগতি সরণি পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক ও নর্দমা নির্মিত হচ্ছে।