হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন ও বিজিএমইএ ভবন ভাঙার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে গতকাল সোমবার এক নাগরিক সমাবেশে বক্তারা বলেছেন, হাইকোর্টের রায় অনুসারে অবৈধ স্থাপনা বিজিএমইএ ভবন ভাঙা এখন সময়ের দাবি। এ ভবন ভাঙার মধ্য দিয়ে যানজট ও জলাবদ্ধতা নিরসনের জন্য নেওয়া বেগুনবাড়ী-হাতিরঝিল প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তারা বলেন, বিজিএমইএ ভবন ভাঙা হলেই রাজধানীর পাঁচ হাজার অবৈধ স্থাপনা অপসারণ সম্ভব হবে। ভবিষ্যতে পরিকল্পিত পরিবেশবান্ধব মহানগর গড়ে তোলা যাবে। ভবন তৈরির ক্ষেত্রে নির্মাণকারীরা ইমারত নির্মাণ বিধিমালা মানতেও বাধ্য হবেন। সিটিজেনস রাইটস মুভমেন্টের উদ্যোগে এবং ইনিশিয়েটিভ ফর পিসের (আইএফফি) সহযোগিতায় গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেন। সমাবেশ থেকে জানানো হয়, বিজিএমইএ ভবনটির জমির নিবন্ধন নেই, প্রকৃত মালিকানা স্বত্ব রেলওয়ের, ভবন নির্মাণে রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। এ ছাড়া ওই ভবন নির্মাণে জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করা হয়েছে, নগর উন্নয়ন আইন মানা হয়নি, ভবন নির্মাণ আইন ১৯৫২ সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে। বক্তারা বলেন, বিজিমএইএর নেতারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে তথ্য গোপন করে সুকৌশলে বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীকে দিয়ে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ শেষে উদ্বোধন করান। দুই প্রধানমন্ত্রীকে যাঁরা ভুল বুঝিয়ে এসব কাজ করিয়েছেন, তাঁদের শাস্তি হওয়া উচিত। সমাবেশে সিটিজেনস রাইটস মুভমেন্টের সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাসচিব তুসার রেহমান। অনুষ্ঠানে অংশ নেন শাহ এনায়েতুর রহিম, মুহাম্মদ শফিকুর রহমান, মুহাম্মদ ইনামুল হক, বাপার মিহির বিশ্বাস, ইবনুল সাঈদ, উন্নয়নধারা ট্রাস্টের আমিনুর রসুল, মো. নূরুদ্দীন, ইফমা হুসাইন, মোহাম্মদ শহীদ, মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।