হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন ২ জানুয়ারি
হাতিরঝিল-বেগুনবাড়ি খাল সমন্বিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হবে আগামী ২ জানুয়ারি। সেদিনই প্রকল্প এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা গতকাল শনিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সূত্রে জানা গেছে, গতকাল ১৫ ডিসেম্বর দিবাগত রাতে এই প্রকল্প উদ্বোধনের কথা ছিল। কিন্তু বিজয় দিবসের অনুষ্ঠানসহ নানা কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় না পাওয়ায় উদ্বোধনের তারিখ পেছানো হয়।এক হাজার ৯৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০০৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়। প্রথমে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ছিল রাজউকের। সহযোগী সংস্থা হিসেবে ছিল ঢাকা ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা জরুরি অবস্থার সময় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল শাখাকে। বর্তমানে রাজউক, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, এলজিইডি ও ঢাকা ওয়াসা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর পরামর্শকের দায়িত্ব পালন করছে বুয়েট।