হাতিরঝিল প্রকল্পের কাজ ডিসেম্বরে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ ডিসেম্বর বেগুনবাড়ি খাল ও হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প এলাকা জনগণের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান হাতিরঝিল প্রকল্প এলাকা ঘুরে এসে মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। হাতিরঝিল কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘১৫ ডিসেম্বর রাতে সেখানে ‘বিজয় উৎসব’ পালন করা হবে।’প্রতিমন্ত্রী বলেন, বেগুনবাড়ি খালসংলগ্ন এলাকার সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। এবং শিগগিরই পিচ ঢালাইয়ের কাজ শেষ হবে। এখন সড়কের দুই পাশে ঘাস ও খেজুরগাছ লাগানো হচ্ছে। ছয়টি সেতু নির্মাণের কাজ শেষের দিকে। তিনি বলেন, পুরো প্রকল্প এলাকায় সৌন্দর্যকরণের কাজও চলছে।আব্দুল মান্নান খান আরও বলেন, ২০০৭ সালে হাতিরঝিল প্রকল্পের কাজ কাগজে-কলমে শুরু হলেও কার্যত শুরু হয় ২০০৯ সালে। কাজে হাত দিয়েই সরকারকে ৭২টি মামলা মোকাবিলা করতে হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে এবং আরও কিছু জমি অধিগ্রহণে অনেক সময় চলে গেছে। একটি দুর্গন্ধময় ডোবা ও আশপাশের অস্বাস্থ্যকর এলাকাকে সৌন্দর্যমণ্ডিত ও পরিবেশবান্ধব রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। রাজউক, ওয়াসা ও সেনাবাহিনী রাতদিন পরিশ্রম করে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করছে।প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ, সমগ্র এলাকার পরিবেশ উন্নয়ন ও যানজট কমিয়ে আনা হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্পটি উন্মুক্ত করা হলে কারওয়ান বাজার, মগবাজার, মালিবাগ এলাকার মানুষের জন্য রামপুরা যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট।প্রসঙ্গত, প্রকল্পটিতে যোগাযোগ অবকাঠামোর জন্য আট কিলোমিটার এক্সপ্রেস সড়ক, ৮ দশমিক ৮ কিলোমিটার সার্ভিস সড়ক, ৪৭৭ মিটার সেতু, ৮ দশমিক ৮ কিলোমিটার ফুটপাত, ৯ দশমিক ৮ কিলোমিটার পায়ে চলার পথ (ওয়াকওয়ে), ৪০০ মিটার ওভারপাস ইত্যাদি নির্মাণাধীন রয়েছে।এ ছাড়া ঢাকা ওয়াসা অংশের কাজ হিসেবে ১০ দশমিক ৪০ কিলোমিটার প্রধান ডাইভারসন নর্দমা, ১৩ কিলোমিটার স্থানীয় ডাইভারসন নর্দমা এবং ১৩টি বিশেষ ডাইভারসন কাঠামোর নির্মাণকাজও বাস্তবায়িত হচ্ছে।পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, রামপুরা-বাড্ডা সড়কের ওপর প্রকল্প এলাকা থেকে একটি উড়ালসেতু নির্মাণেরও পরিকল্পনা চলছে। সে ক্ষেত্রে প্রকল্পের ব্যয় দুই কোটি টাকা বাড়তে পারে।প্রকল্প পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্তসচিব খোন্দকার শওকত হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নুরুল হুদা, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল হাবিবুর রহমান প্রমুখ।