হাতিরঝিলে উঁচু ভবন নির্মাণে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে পরিকল্পিত ও বাসযোগ্য একটি নগর হিসেবে গড়ে তোলার জন্য ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেইলড এরিয়া প্ল্যান—ড্যাপ) প্রণয়ন করা হয়েছিল। ওই ড্যাপ বাস্তবায়নের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু বিগত বছরগুলোতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ড্যাপ বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন ড্যাপ পর্যালোচনা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বলছে, পর্যালোচনা প্রতিবেদনের আগে কোনো প্রকল্পের কাজ শুরু করা যাবে না।
যদিও গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত এক বৈঠকে রাজধানীর হাতিরঝিল এলাকায় ভবন নির্মাণ-সংক্রান্ত যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। আগে ছয়তলার বেশি উঁচু ভবন তৈরির নিষেধাজ্ঞা ছিল, এখন তা তুলে নেওয়া হয়েছে।
এদিকে বিভিন্ন ত্রুটি তুলে ধরে গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন তাদের মতামতের আলোকে ড্যাপ সংশোধন ও বাস্তবায়ন করতে বলেছে। দুই সিটি করপোরেশন থেকে পাঠানো মতামতে বলা হয়েছে, আগের প্রণয়ন করা ড্যাপ জনসমক্ষে প্রকাশ এবং এর ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে জনগণের মতামত নিতে হবে। এ ছাড়া সিটি করপোরেশনগুলোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ক্ষমতা দিতে হবে।
বৈঠক বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আগামী এক মাসের মধ্যে এ-সংক্রান্ত একটি পর্যালোচনা প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি দ্রুততম সময়ের মধ্যে ড্যাপের যাবতীয় বিষয় পর্যালোচনা করে একটি সুপারিশ করবে। এর আলোকে ড্যাপ বাস্তবায়ন করা হবে। এ ছাড়া ড্যাপ এলাকার মধ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে যেসব ভবন বা প্লট তৈরির অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন যে মতামত দিয়েছে, তা পর্যালোচনা করতে বলা হয়েছে। তবে গতকালের বৈঠকে কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি। বরং এর আগে অনুমোদিত ব্যক্তি পর্যায়ের যেসব প্রকল্পের অনুমতি দেওয়া হয়েছে ,সেগুলো খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলামের পাঠানো মতামতে বলা হয়েছে, রাজউকের ১৯৯৫ থেকে ২০১৫ সময়ের জন্য ড্যাপ প্রণয়নকালে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন অনেক জায়গায় বিদ্যমান ব্যবহারের ধরন ঠিক না রেখেই ভিন্ন ভিন্ন ব্যবহার উল্লেখ করে ড্যাপ প্রণয়ন করা হয়েছে। এতে জনমনে অসন্তুষ্টি চলছে। আবারও সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জনগণ শঙ্কিত।
নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী তাঁদের মতামত বিষয়ে গতকাল বলেন, ‘আমরা চাই না সিটি করপোরেশন রাজউকের মধ্যে ঢুকে যাক। আমরা নিজেদের কর্তৃত্ব চাই। নিজেদের উন্নয়ন চাই। আর ড্যাপ দ্রুত বাস্তবায়ন চাই।’
জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, ‘হাতিরঝিল প্রকল্প এলাকায় ছয়তলার ওপরে ভবন নির্মাণ করা বন্ধ ছিল। যদিও কেউ কেউ ইতিমধ্যে উঁচু ভবন নির্মাণ করেছে। আমরা সেই নিষেধাজ্ঞা তুলে দিলাম।
প্রসঙ্গত, মাঠপর্যায়ে সরাসরি ড্যাপ বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বর্তমান ড্যাপের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী ড্যাপের জন্য ইতিমধ্যে একটি কাঠামো পরিকল্পনার খসড়া প্রণয়ন করেছে সংস্থাটি, যার মেয়াদ হবে ২০৩৫ সাল পর্যন্ত।