হাতিরঝিলে নামছে 'ওয়াটার ট্যাক্সি'
হাতিরঝিলে নামছে ‘ওয়াটার ট্যাক্সি’। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে এ ট্যাক্সিগুলো এফডিসি মোড় থেকে বাড্ডা সংযোগ সড়ক ও রামপুরা সেতুর মধ্যে যাতায়াত করবে। পরে এ সুবিধা গুলশান ও বারিধারায়ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আগামী মাসের শেষ দিকে এ ‘ট্যাক্সি সার্ভিস’ শুরু হতে পারে বলে জানিয়েছেন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক মেজর কাজী শাকিল হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, চট্টগ্রামের একটি কারখানায় ছয়টি ওয়াটার ট্যাক্সির কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। অক্টোবরের মাঝামাঝি চীন থেকে ইঞ্জিন আসার কথা রয়েছে। এরপর শেষ সপ্তাহে এটি উদ্বোধন হতে পারে।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিকভাবে এই ওয়াটার ট্যাক্সিগুলো গণপরিবহন হিসেবে চলাচল শুরু করবে। প্রতিটি ট্যাক্সি তৈরিতে প্রায় ৮৫ লাখ টাকা খরচ হচ্ছে। ট্যাক্সির প্রতিটিতে ৪৫ জন যাত্রী উঠতে পারবেন। এফডিসি মোড়ের টার্মিনাল থেকে রামপুরা সেতু এবং বাড্ডা সংযোগ সড়ক পর্যন্ত দুটি পথে তিনটি করে ওয়াটার ট্যাক্সি চলবে। রামপুরা পর্যন্ত ২৫ আর বাড্ডা পর্যন্ত ৩০ টাকা করে ভাড়া নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে।
২০০৭ সালে ৩০২ একর জমির ওপর হাতিরঝিল প্রকল্পের সংস্কারকাজ শুরু হয়। ২০১৩ সালের ২ জানুয়ারি প্রকল্পটি উদ্বোধন হয়। এরপর প্রায় তিন বছর হাতিরঝিলে কোনো গণপরিবহন ছিল না। আনুষ্ঠানিকভাবে গত বছরের ২৩ ডিসেম্বর হাতিরঝিলে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। হাতিরঝিলে গণপরিবহনব্যবস্থা চালুর পর থেকে এর আশপাশের এলাকার বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা পেতে শুরু করেছেন। কিন্তু বাসের সংখ্যা কম হওয়ায় ভোগান্তি কাটছে না।
ওয়াটার ট্যাক্সি চালু হলে রাজধানীর একটি বড় অংশের লোকজনের যাতায়াতব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন হাতিরঝিল প্রকল্পের কর্মকর্তারা। নগরবাসীর সাড়া পেলে এ ট্যাক্সি সার্ভিস পরে গুলশান লেক হয়ে বারিধারা পর্যন্ত সম্প্রসারিত করারও সম্ভাবনা রয়েছে বলে তাঁরা জানান।

ওয়াটার ট্যাক্সিগুলো চালু হলে বাড্ডা, গুলশান, রামপুরা, খিলগাঁওসহ নগরীর পূর্বাংশের মানুষ কারওয়ান বাজার, মগবাজার, দিলু রোড, ইস্কাটন, বাংলামোটর, তেজগাঁও এলাকায় সহজে যাতায়াত করতে পারবেন। হাতিরঝিল রাজধানীর একাংশের চলাচলে সুবিধা যেমন করেছে, তেমনি বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। ওয়াটার ট্যাক্সি সেবা থেকে যাতায়াতের পাশাপাশি নগরবাসী নৌভ্রমণের আনন্দও নিতে পারবেন।
ওয়াটার ট্যাক্সি নামানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ লোকজনের মধ্যে। কেউ মনে করছেন, চক্রাকার বাস সার্ভিসের পাশাপাশি ওয়াটার ট্যাক্সিও জনপ্রিয় হয়ে উঠবে। কারও ধারণা, নিয়মিত যাত্রী আনা-নেওয়ার বদলে শুধু নৌভ্রমণের জন্যই লোকজন উঠবে।
মহানগর প্রকল্পের বাসিন্দা সারওয়ার রহমান বলেন, ‘এখন বিকেল হতেই হাতিরঝিলে যেভাবে লোকজন আসে, দেখা যাবে ঘুরতে আসা লোকজন লাইন দিয়ে ট্যাক্সিতে উঠছেন। আশপাশের এলাকার যাঁরা নিয়মিত যাত্রী, তাঁরা কতটা উঠবেন তা ট্যাক্সি চালু না হলে বোঝা যাবে না।’