হাতিরঝিলে রাজউকের অভিযানে ৬০টি স্থাপনা উচ্ছেদ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল রোববার হাতিরঝিল প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তিনটি পাকা ভবনসহ ৬০টি স্থাপনা উচ্ছেদ করেছে। বেগুনবাড়ি-হাতিরঝিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। প্রকল্প এলাকার বেগুনবাড়ি থেকে কুনিপাড়া পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।রাজউক সূত্র জানায়, প্রকল্প এলাকায় এরই মধ্যে আট দফা অভিযান চালানো হয়েছে। সর্বশেষ অভিযান চালানো হয় ১৯ অক্টোবর। প্রকল্পের কাজের জন্য জরুরি থাকায় কিছু ভবন এবং ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন হওয়ায় অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।প্রকল্প এলাকায় মোতায়েনরত সেনাসদস্য ও তিন প্লাটুন পুলিশ নিয়ে গতকাল বেলা ১১টার দিকে অভিযান শুরু হয়। চলে বেলা প্রায় তিনটা পর্যন্ত। উচ্ছেদকাজে পে-লোডার ব্যবহার করা হয়। এ ছাড়া হাতুড়ি ও শাবল নিয়ে ভাঙার কাজে অংশ নেন রাজউকের শ্রমিকেরা। একটি তিনতলা ও দুটি দোতলা ভবনের আংশিক ভাঙার পর মালিকদের লোকজন নিজ উদ্যোগে ভেঙে দেওয়ার অঙ্গীকার করেন। এ ছাড়া টিনের স্থাপনা ভাঙা হয় ৫৭টি। এগুলোর বেশির ভাগ নিম্নবিত্ত মানুষের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।উচ্ছেদের সময় কয়েকজন ভাড়াটিয়া তাঁদের মালামাল সরানোর সময় চাইলে কিছু সময় দেওয়া হয়। আবদুর রহিম নামের একজন ভাড়াটিয়া জানান, মাসিক তিন হাজার টাকা দিয়ে তাঁরা ভাড়া থাকতেন। বিদ্যুৎ ও গ্যাসের বিলও দেন। গত মার্চ মাসে ভাড়া নেওয়ার সময় তাঁকে বলা হয়েছিল, অন্তত দুই বছর থাকা যাবে। তাঁর মতো অন্য ভাড়াটিয়ারাও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, এখন তাঁরা কোথায় যাবেন, ঠিক করতে পারছেন না।মধ্য ও উত্তর কুনিপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, তাঁদের জমির পূর্ব দিকে ৩০ ফুট সরকারি খাল রয়েছে। সরকার ইচ্ছা করলে নতুন করে কোনো জমি অধিগ্রহণ না করে মোট ১১০ ফুট জায়গায় রাস্তা, বক্স কালভার্ট ও নর্দমা তৈরি করতে পারত। কিন্তু তা না করে রাজউক এলাকার জনগণের বাড়িঘরসহ নতুন জায়গা অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে।রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বেগুনবাড়ি-হাতিরঝিল প্রকল্পের পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে যতটুকু জমি দরকার, তার বাইরে নতুন জমি অধিগ্রহণ করা হচ্ছে না।এই উচ্ছেদ অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান, অথরাইজড কর্মকর্তা শফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।