বিশ্বজুড়ে হিংসা-বিদ্বেষ আর হানাহানির এ সময়ে অহিংসার প্রবক্তা মহাত্মা গান্ধীকে স্মরণ এবং তাঁর নীতি অনুসরণ করতে হবে। গতকাল শনিবার মহাত্মা গান্ধীর জন্মদিন আন্তর্জাতিক অহিংসা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। দিবসটি উপলক্ষে নগরে বিভিন্ন সংগঠন আলোচনা, সেমিনার, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জাতিসংঘ ও ইউনেসকো মহাত্মা গান্ধীর স্মরণে দিনটিকে অহিংসা দিবস হিসেবে ঘোষণা দেয়।ঢাকা বিশ্ববিদ্যালয়: দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘শান্তি, অহিংস এবং গণতন্ত্র-গান্ধী নীতি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেন, আমাদের সবারই মহাত্মা গান্ধীর কথা মনে পড়ে। অহিংসার মধ্য দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মহান এই পুরুষ। তার সত্য ও অহিংস নীতিই আমাদের দেখাতে পারে এমন একটি গণতান্ত্রিক বিশ্ব, যেখানে থাকবে না কোনো হানাহানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মহাত্মা গান্ধীর দর্শন তথা অন্যায় ও শোষণের বিরুদ্ধে অহিংস নীতি আজও আমাদের সবাইকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার বলেন, আজকের বিশ্ব সন্ত্রাসবাদের যে ভয়াবহতা মোকাবিলা করছে, তার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধীর নৈতিক মূল্যবোধ এখনো যথেষ্ট প্রাসঙ্গিক।সেমিনারের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মহাত্মা গান্ধী ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা। তিনি মানুষের মনের আবর্জনা, সমাজের আবর্জনা, সংকীর্ণতা ও কুটিলতা দূর করতে চেয়েছিলেন। সত্য ও অহিংস নীতিই ছিল তাঁর ধর্ম। সেমিনারে জাতিসংঘ মহাসচিবের বাণী পড়ে শোনান ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা। আরও বক্তব্য দেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক অংকন ব্যানার্জি প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান এবং ইন্ডিয়ান কাউন্সিল অব গান্ধিয়ান স্টাডিজের চেয়ারম্যান এন রাধাকৃষ্ণান।মুক্তিযুদ্ধ জাদুঘর: দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নটর ডেম কলেজের অধ্যক্ষ বেঞ্জামিন কস্তা বলেন, মহাত্মা গান্ধী সত্যাগ্রহ ও অহিংসাকে তাঁর জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর নীতি ছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নয়; বরং কেউ ডান গালে চড় দিলে মুখ ঘুরিয়ে অন্য গালটিও তাঁর দিকে পেতে দেওয়ার নীতি নিয়েছিলেন তিনি। কেননা দাঁতের বদলে দাঁত নীতি অনুসরণ করলে গোটা মানব-পরিবার অচিরেই দন্তবিহীন হয়ে পড়বে।’অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী বলেন, পাকিস্তান আমল থেকে সাম্প্রদায়িকতার বীজ বপন ও গাছকে যেভাবে বাড়তে দেওয়া হয়েছে, তাতে করে বাঙালির চরিত্র খর্ব হয়েছে। তিনি গান্ধীর নীতি অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। মানবাধিকারও এ বিষয়ের সঙ্গে যুক্ত।অনুষ্ঠানে নটর ডেম কলেজ, বাড্ডার আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইয়ুথ লিভিং লিন্ডেজ এবং মুক্তধারা আবৃত্তিচর্চাকেন্দ্রের প্রতিনিধিরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।অন্যান্য: কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে গান্ধী হিউম্যান সেন্টার বাংলাদেশ। শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রাটি টিএসসিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সংগঠনের পরিচালক নির্মল কুমার চ্যাটার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক অসীম সরকার প্রমুখ।