হানিফ ফ্লাইওভারের সব সিঁড়ি সরাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী এলাকার সিঁড়ি দিয়ে ওঠানামা করছে লোকজন। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী এলাকার সিঁড়ি দিয়ে ওঠানামা করছে লোকজন। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত সিঁড়িগুলো অপসারণে পদক্ষেপ নিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রয়েছে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। 

গত ৩১ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেওয়ার পাশাপাশি ফ্লাইওভারের সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত সিঁড়িগুলো অপসারণে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। এর বিরুদ্ধে ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আবেদন করে, যা ৬ জুন চেম্বার বিচারপতির আদালতে ওঠে। সেদিন আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল এস এম মনিরুজ্জামান।

শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইওভার আছে, মাঝপথে ফ্লাইওভারে ওঠার জন্য সিঁড়ি কোথাও দেখা যায় না। নিচ দিয়ে যাবে। তখন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, স্টপেজ না থাকলে জনগণ কীভাবে চলাচল করবে? বাস তো ওপর দিয়ে চলছে। শুনানির পর আদালত বলেন, ডিসমিসড (খারিজ করা হলো)।

পরে ডেপুটি অ্যার্টনি জেনারেল এস এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে পাবলিক বাসস্টপেজ হিসেবে ব্যবহার করা ওই সব সিঁড়ি এখন অপসারণ করতেই হবে।

‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার: কেউ বেআইনি সিঁড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না’ শিরোনামে গত ২৮ মে ছবিসহ দ্য এশিয়ান এজ-এ প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে ৩১ মে হাইকোর্ট স্বতঃপ্রোণদিত রুলসহ আদেশ দেন। সিঁড়িগুলো অপসারণে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশের পাশাপাশি ফ্লাইওভারের কোনো পয়েন্টে কোনো ধরনের সিঁড়ি বসানোর অনুমতি না দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের প্রতি নির্দেশনা দেন। এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২ জুলাই বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়।