‘হাফ পাসের’ দাবিতে অবরোধ আশ্বাসে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন
ছবি: সাজিদ হোসেন

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ তুলে নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা দুইটায় দাবি মানার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়।

এর আগে বেলা পৌনে ১১টায় মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বাসে হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন। গাড়ি থামিয়ে চালকের চাবি নিয়ে নেন তাঁরা। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন। তখন ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম জামে মসজিদের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা হাফ পাস ভাড়ার দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বাসস্ট্যান্ডের তিন দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট দেখা দিয়েছে ওই এলাকায়।

তবে ওষুধ কোম্পানির গাড়ি, অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছে।

বেলা দুইটায় মোহাম্মদপুর শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আসেন। তিনি শিক্ষার্থীদের দাবি দুদিনের মধ্যে মানার আশ্বাস দেন। এ আশ্বাসে শিক্ষার্থী অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়।

অবরোধ শুরুর সময়ে মোহাম্মদপুর থেকে রামপুরায় চলাচলকারী স্বাধীন পরিবহন নামের একটি বাসের চালকের সহকারীর সঙ্গে মোহাম্মদপুর সরকারি কলেজের একদল শিক্ষার্থীর ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাসচালকের সহকারীকে শিক্ষার্থীরা মারধর করেন। পরে পুলিশের কাছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন চালকের ওই সহকারী। এরপর তিনি প্রজাপতি পরিবহন নামের একটি বাসে গিয়ে ওঠেন। তাঁকে বাস থেকে নামাতে না পেরে কিছু শিক্ষার্থী বাসটি ভাঙচুর করেন।