হাবিবুর রহমান হল দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হল অবশেষে দখলদারমুক্ত হয়েছে। দখলদার উচ্ছেদ শেষে গতকাল সোমবার হলটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখলমুক্ত করতে শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। চার বছর চেষ্টার পর বেদখলে থাকা ১১টি হলের মধ্যে একটির দখল ফিরে পেল কর্তৃপক্ষ। বর্তমানে বাণী ভবন হলটির একাংশ বিশ্ববিদ্যালয়ের দখলে আছে।হাবিবুর রহমান হলটি মিজানুর রহমান নামের এক ব্যক্তি অবৈধভাবে দখল করে ছিলেন। এক বিঘা জায়গার ওপর পুরোনো একটি ভবনে ১৮টি পরিবার বসবাস করত। এ ছাড়া স্টিল শিট ও টায়ার-টিউব বিক্রির চারটি দোকানও গড়ে উঠেছিল হলটিতে। পুরান ঢাকার বংশালের মালিটোলার গোলকপাল লেনে হলটির অবস্থান।হাবিবুর রহমান হলটির অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম শুরু হয় বেলা ১১টায়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। সঙ্গে ছিলেন কোতোয়ালি জোনের সহকারী কমিশনার রাজীব আল মাসুদ, হল উদ্ধার কমিটির আহ্বায়ক নুরুল মোমেনসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযানে বংশাল থানার পুলিশ সহযোগিতা করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে নুরুল মোমেন হাতমাইকে অবৈধভাবে হলে অবস্থানকারীদের আধা ঘণ্টার মধ্যে চলে যেতে বলেন। কিন্তু বসবাসকারী ১৮টি পরিবার প্রথমে দখল ছাড়তে অস্বীকৃতি জানায়। এ সময় ম্যাজিস্ট্রেট তাদের বৈধ কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু বৈধ কোনো কাগজ না দেখাতে পেরে পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানের মুখে দখল ছাড়ে তারা।অভিযান শেষে বিকেলে ম্যাজিস্ট্রেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হলের দখল বুঝিয়ে দেন। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।ম্যাজিস্ট্রেট আল আমিন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান অবৈধভাবে হলটি দখল করেছিলেন। বৃহত্তর স্বার্থে হলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নামে সরকার ইজারা দিয়েছে। উচ্ছেদ শেষে জায়গাটি বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয়া হলো।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক গত বছরের ১৯ মে অর্পিত সম্পত্তির হাবিবুর রহমান হলটির দখলদার মিজানুর রহমানের একসনা ইজারা বাতিল করেন। একই সঙ্গে জাতীয় স্বার্থে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে ইজারা দেন। ইজারা হিসেবে বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসককে ৭০ হাজার টাকা পরিশোধ করেছে। নুরুল মোমেন বলেন, বিশ্ববিদ্যালয় ইজারা পাওয়ার পরও দখলদারেরা এক বছর অবৈধভাবে দখল করে ছিল। গত ২৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক দখলদারদের সাত দিনের মধ্যে দখল ছাড়ার নোটিশ দেন। রোববার ছিল নোটিশের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, বাণী ভবন ও হাবিবুর রহমান হলে অস্থায়ীভাবে শিক্ষার্থীদের আবাসন করার পরিকল্পনা হচ্ছে। শিগগিরই আরও চারটি হলের দখল ফিরে পাওয়া সম্ভব হবে।