হাবিব-উন-নবীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র হচ্ছে
রাজধানীর রমনা পার্কসংলগ্ন মৎস্য ভবন মোড়ে বাসে পেট্রলবোমা হামলা করে পুলিশ সদস্য হত্যার মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ।
এ মামলায় এজাহারভুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির ২৬ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলার অভিযোগপত্র তৈরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে। অভিযোগপত্রে হাবিব-উন-নবীসহ তিনজনকে পলাতক দেখানো হয়েছে। অপর চারজন কারাগারে আছেন।
জানতে চাইলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ না পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ এজাহারভুক্ত অন্য নেতা-কর্মীদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হচ্ছে। বর্তমানে তিনি ডিবির ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনারও।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগপত্রে হাবিব-উন-নবী ছাড়া অপর যে ছয়জনকে আসামি করা হয়েছে তাঁরা হলেন নিউমার্কেট থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওরফে টিপু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন, মিরপুর রোডের গাউছিয়া মার্কেট ইউনিট বিএনপির সদস্য মো. রফিক আকন্দ, নিউমার্কেট থানা বিএনপির সদস্য মো. আলফাজ ও আনোয়ার হোসেনের বন্ধু শাহ আলম। এই ছয়জনের নাম এজাহারে উল্লেখ ছিল না। এঁদের মধ্যে আবদুস সাত্তার ও আনোয়ার হোসেনকে পলাতক দেখানো হচ্ছে।
গত ১৭ জানুয়ারি রাতে রমনা পার্কসংলগ্ন মৎস্য ভবন মোড়ে পুলিশ সদস্যদের বহনকারী বাসে পেট্রলবোমা হামলায় পুলিশের ১৩ জন সদস্য দগ্ধ হন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে রমনা থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়। এই ২৭ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লা বুলু, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার, মিজানুর রহমান মিনু, হাবিব-উন-নবী প্রমুখ। দগ্ধ পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল শামীম মিয়া গত ৫ ফেব্রুয়ারি পান্থপথে বেসরকারি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে মামলাটির তদন্তভার রমনা থানার পুলিশের কাছ থেকে ডিবিতে ন্যস্ত করা হয়। এজাহারে নাম থাকা ২৭ জনের মধ্যে কেবল হাবিব-উন-নবী এবং নাম না থাকা ছয়জনকে অভিযোগপত্রভুক্ত করা হয়েছে। ডিবি সূত্র জানায়, এজাহারে নাম থাকা অন্য ২৬ জনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ না পাওয়ায় অভিযোগপত্রে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হচ্ছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলেও খিলগাঁও থানা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান ওরফে জনি ডিবির সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ায় অভিযোগপত্রে তাঁর নাম রাখা হয়নি। এ মামলায় গ্রেপ্তার করা বিএনপির নেতা মোহাম্মদ হোসেন, আলফাজ, রফিক আকন্দ ও শাহ আলম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বলেন, ১৭ জানুয়ারি রাতে বিএনপির নেতা হাবিব-উন-নবীর পরিকল্পনা ও নির্দেশনায় মৎস্য ভবন মোড়ে পুলিশ সদস্যদের বহনকারী বাসে তাঁরা পেট্রলবোমা হামলা চালান। হাবিব-উন-নবী তাঁদের নির্দেশনা দেন, পুলিশের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য কিছু করতে হবে। হামলার আগে তাঁরা রমনা পার্কের চায়নিজ রেস্তোরাঁয় বৈঠক করেন।
অভিযোগপত্রে আসামিদের ফোন কলের তালিকা (সিডিআর) সংযুক্ত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস।