হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি-বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, কর্মচারী-শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ ছিল। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বহির্বিভাগে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, নার্স-কর্মচারীরা কালো ব্যাজ পরে কর্মবিরতি পালন করেন। এ সময় জরুরি বিভাগ চালু থাকলেও বহির্বিভাগে চিকিৎসার জন্য আসা শতাধিক নারী-পুরুষ অপেক্ষা করতে থাকেন। কর্মকর্তা-কর্মচারীরা এ সময় দাবি পূরণে বিক্ষোভ মিছিল ও হাসপাতালের সামনে মানববন্ধন করেন। দুপুর ১২টায় সবাই কাজে যোগ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের উপদেষ্টা এস এ এম কামরুজ্জামান ও এ কে এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তিসহ ছয় দফা দাবিতে আগামী সাত দিন কালো ব্যাজ পরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। হাসপাতালের চিকিৎসক প্রণব কুমার কর্মকার বলেন, চিকিৎসকেরাও কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সঙ্গে একই কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, কর্মবিরতিকালে রোগীদের সব ধরনের অস্ত্রোপচার হয়েছে। সন্ত্রাসী হামলায় আহত ১৮ জন ছাত্রের মধ্যে গতকাল পর্যন্ত ১৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন আছেন গাদ্দাফি সিকদার ও রেফায়েদউল্লাহ।