হামলাকারীদের শাস্তির দাবিতে বুয়েটে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের কয়েক দিনের হামলার ঘটনায় শাহবাগ ও চকবাজার থানায় দুটি মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।এদিকে হামলাকারীদের বহিষ্কার ও শাস্তির দাবিতে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। দুপুর সাড়ে ১২টায় মধুর ক্যানটিন থেকে মিছিলটি বের হয়। পরে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট।সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকনের সভাপতিতে এতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিল্লোল রায় প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ক্যাম্পাসের দাবিতে প্রচার চালানোর কারণেই চারবার ছাত্রলীগের হামলার শিকার হন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। অথচ চিহ্নিত সন্ত্রাসীদের নাম উল্লেখ করে অভিযোগ করার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।পুলিশ জানায়, হামলার ঘটনায় ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদাত হাসান বাদী হয়ে শাহবাগ থানায় এবং বুয়েট শাখার আহ্বায়ক গৌতম কুমার দে বাদী হয়ে চকবাজার থানায় আরেকটি মামলা করেন। মামলা দুটিতে বুয়েট শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রওনক আহসান ও ছাত্রলীগের কর্মী বিতু, রানা, মোকাম্মেল, পলাশ, ফাইরুজ, মম, সামি, তন্ময়, মাসুম, সোয়েব, ওয়ালিদ ও জিয়াকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।