হামলার শিকার হয়েছেন সাবেক সহকারী জজ
সাবেক সহকারী জজ ঝুমুর গাঙ্গলী ও তাঁর পরিবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। গত ৬ জুলাই সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে ঝুমুর গাঙ্গলীর মৌচাক আয়েশা শপিং কমপ্লেক্সের অ্যাপার্টমেন্টে। রমনা থানায় এ ঘটনায় মামলা হয়েছে। ঝুমুর গাঙ্গলীর স্বামী বিবেক নন্দী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ৬ জুলাই সন্ধ্যায় কয়েক ব্যক্তি ঝুমুর গাঙ্গলীর অ্যাপার্টমেন্টে ঢুকে বাসার সবাইকে মারধর করে। তারা অ্যাপার্টমেন্টের ভেতর পূজা করা যাবে না বলে সাবধান করে। তারা লোহার রড দিয়ে বাসার ভেতরে থাকা কয়েকটি প্রতিমা ভেঙে ফেলে। এ ঘটনায় ঝুমুর গাঙ্গলীসহ বাড়ির সবাই কম-বেশি আহত হন। হামলাকারীরা ওই বাসা থেকে সোনার চেইন ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়।ঝুমুর গাঙ্গলী অভিযোগ করেন, এরা কিছুদিন আগে তাঁর কাছে চাঁদা দাবি করে। প্রথম দফা তিনি চাঁদার কিছু টাকা তাদের হাতে তুলে দেন। এরপর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তিনি সেটা দিতে না পারায় এ হামলা ঘটেছে। মামলার বাদী বিবেক নন্দী অভিযোগ করেন, মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।