হামিমের মৃত্যুর দায় কেউ এড়াতে পারে না
‘হামিমের মৃত্যুর দায় এড়ানোর সুযোগ কারও নেই। এ ঘটনায় শুধু চালককে দোষ দিলে চলবে না; হামিমের মা সেদিন যদি ফুটওভারব্রিজ ব্যবহার করতেন, তাহলে হয়তো তাঁর কলিজার টুকরার এ অবস্থা হতো না। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। হামিমকে ফেরত পাওয়া যাবে না, তবে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে, সে জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’গতকাল মঙ্গলবার নগরের কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক এসব কথা বলেন। গত ৩ ফেব্রুয়ারি এ স্কুলের কেজি ওয়ানের শিক্ষার্থী হামিম রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়।শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান শেষে গণমাধ্যম প্রতিনিধিদের এক প্রশ্নের উত্তরে নগরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কমিশনার বলেন, নগরে অপরাধের ঘটনা বেড়েছে। তবে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, তা বলা যাবে না।ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের উদ্যোগে স্কুলের মিলনায়তনে ওই অনুষ্ঠানে শহীদুল হক বলেন, ট্রাফিক আইন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য স্কুল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্কুলের পক্ষ থেকে স্কুল শুরু ও ছুটির সময় যাতায়াতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য কমিশনারের প্রতি আহ্বান জানানো হয়। স্কুল কর্তৃপক্ষও স্কুলে শিক্ষার্থীদের আগমন ও নির্গমনে অতিরিক্ত গেটের ব্যবস্থা করেছে বলে জানানো হয়। অনুষ্ঠানে ঘুরে-ফিরে আসে ছোট্ট হামিমের কথা। তিনি ছোটদের ট্রাফিক আইন শেখানোর জন্য অভিভাবক এবং শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। ডিএমপির রমনা অঞ্চলের উপপুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ট্রাফিক আইনের পাশাপাশি রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি বলেন, মোবাইলেও কেউ উত্ত্যক্ত করলে তাকে ধরা সম্ভব। অনুষ্ঠানে উত্ত্যক্তকারীদের সম্পর্কে অভিযোগ জানানোর জন্য কমিশনার ও পুলিশের অন্য কর্মকর্তাদের মোবাইল নম্বর জানিয়ে দেওয়া হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মনজুর কাদের খান ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া।ডিএমপির ব্যতিক্রমী উদ্যোগট্রাফিক আইন মানা ও রাস্তাঘাটে চলাচলে ঝুঁকি হ্রাস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ‘স্কুল প্রোগ্রাম’ নামে ব্যতিক্রমী এক কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।এ উপলক্ষে গত সোমবার মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ট্রাফিকের পশ্চিম বিভাগ আয়োজন করে শিক্ষার্থী সমাবেশ। এতে রাস্তাঘাটে চলাচলে ঝুঁকি হ্রাস ছাড়াও মাদকের ভয়াবহতা, উত্ত্যক্ততা (ইভটিজিং), মাদক ও অপসংস্কৃতির নেতিবাচক দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।অনুষ্ঠানে বাংলা উচ্চবিদ্যালয় ছাড়াও মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, জান্নাত একাডেমি হাইস্কুল, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, আলহাজ আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয় ও পল্লবী মডেল হাইস্কুলের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। ‘সচেতন নাগরিক এনে দিতে পারে সুন্দর সমাজ’ স্লোগান নিয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, সবার আগে নিজের বিবেককে জাগাতে হবে। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক কয়েকটি নীতিগল্পের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। সক্রেটিসকে উদ্ধৃত করে তিনি বলেন, সুন্দর করে নিজের কাজটুকু করাই দেশপ্রেম। আনিসুল হক শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথ করান। মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন হাওলাদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।