হারানো শৈশবের আনন্দে মাতল সাড়ে চার শ শিশু
ওদের হইচইয়ের শব্দের কাছে যেন খুদে ট্রেনের হুইসেলও চাপা পড়ে যাচ্ছিল। ট্রেন, মেরি গো রাউন্ড, দোলনাসহ মজার মজার রাইড একেবারে নিজেদের করে পেয়ে তাদের উল্লাসের বাঁধ ভেঙে ছিল। এতেই শেষ নয়, ছিল বালিশ খেলা, নাচ-গান, ছবি আঁকা আর ভরপেট বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা।গতকাল বুধবার জাতীয় শিশুপার্কে প্রায় সাড়ে চার শ শ্রমজীবী শিশুর জন্য এই অন্য রকম আয়োজনটি করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এসব শিশুর দিন কাটে অন্যের বাড়ি বা কারখানায় কাজ কিংবা গাড়ির হেলপারির মতো কঠিন কাজ করে।পার্ক থেকে ওই শিশুরা যায় জাতীয় জাদুঘর দেখতে। পরে জাদুঘরে গিয়ে রচনা প্রতিযোগিতায়ও অংশ নেয় তারা।মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসায় কাজ করে ১০-১১ বছরের রুনা। সে আগে কখনোই শিশুপার্কে আসেনি। কোনটি বেশি ভালো লেগেছে জানতে চাইলে সে কিছুটা বিপদেই পড়ে গেল। একটু ভেবে বলল, ‘দৌড় খেলায় জিতছি; আর যা দেখতাছি, তার সবই ভালো লাগতাছে।’গেন্ডারিয়ায় গাড়ির হেলপারের কাজ করে মোর্শেদ। লিকলিকে শরীরের ছেলেটি তার বয়স কত, তা নিজেই জানে না। দেখতে ১২-১৩ বছরের মোর্শেদ দু-তিন বছর ধরে হেলপারির কাজ করছে। সে পড়াশোনা করেনি কখনো। তবে আসকের শিক্ষাকেন্দ্র থেকে নিজের ও বাবার নাম লেখা শিখেছে।আসকের শিশু অধিকার ইউনিটের সমন্বয়কারী নার্গিস আখতার প্রথম আলোকে জানান, শ্রমজীবী শিশুদের প্রায় ৩০টি কেন্দ্রের শিশুরা এ শিক্ষা সফরে অংশ নেয়।আসকের এ উদ্যোগের সঙ্গে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ফ্যামিলিস অ্যাসোসিয়েশনও (রাফোলা ক্লাব) যুক্ত ছিল।সেভ দ্য চিলড্রেন সুইডেন ও ডেনমার্কের আর্থিক সহায়তায় আসকের শিক্ষাকেন্দ্রগুলোতে অবহেলিত শিশুদের শিক্ষা এবং ব্লক, বাটিক, পারলারসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। শিশু অধিকার সম্পর্কেও তাদের সচেতন করা হচ্ছে।এ কর্মসূচির একজন কর্মকর্তা ফারহানা পারভীন প্রথম আলোকে বলেন, নিয়োগকারী ব্যক্তিরা গৃহকর্মীদের বিষয়ে আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। তবে শিক্ষাকেন্দ্রে আসা শিশুরা জানিয়েছে, অনেক বাড়ির মালিক তাদের টেলিভিশনে খবর দেখতে চাওয়া, শিশু অধিকার নিয়ে কথা বলা বা খেলতে চাওয়ার মতো বিষয়গুলো ভালো চোখে দেখেন না।