হাসপাতাল ছাড়পত্র দিলেই কারা কর্তৃপক্ষ বন্দীদের ফেরত নিতে পারে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
ঢাকায় চতুর্থ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কারা সিনিয়র কারেকশন ম্যানেজারদের (কারা জ্যেষ্ঠ সংশোধনাগার ব্যবস্থাপক) আঞ্চলিক সম্মেলন উপলক্ষে গতকাল রোববার কারা অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক এ কথা বলেন।
১৬ থেকে ১৯ মে চার দিনব্যাপী এই সম্মেলন হবে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি) ও কারা অধিদপ্তর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। ১৬ মে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধন করবেন। এতে বাংলাদেশসহ ১৪টি দেশের ২৮ জন কারা জ্যেষ্ঠ সংশোধনাগার ব্যবস্থাপক অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’।
বড় অপরাধীরা মাসের পর মাস হাসপাতালে থাকছেন, তাঁরা কি এতই অসুস্থ—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, চিকিৎসাসেবার প্রাপ্তি একজন বন্দীর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর্থিকভাবে, সামাজিকভাবে উচ্চ অবস্থানে থাকা অপরাধীরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যায় ভুগছেন। আদালতের আদেশ আছে তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে। বন্দীরা যখন বলেন, তাঁরা অসুস্থ বোধ করছেন, কারা হাসপাতালে চিকিৎসক-সংকট, তাই কারা কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব হলো তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেওয়া। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব হলো তাঁদের চিকিৎসা দেওয়া। চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল বন্দীদের দীর্ঘদিন ভর্তি রাখেন। হাসপাতাল ছেড়ে দিলেই কারা কর্তৃপক্ষ বন্দীদের ফেরত আনতে পারে।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতু।