হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে শিশু সাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিরাকে বিদায় জানান এক ইন্টার্ন শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ দুপুরে মামার বাসায় ফিরছে মা–বাবা হারানো সাকিরা। ঢাকা, ২৫ জানুয়ারি
ছবি: দীপু মালাকার

সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে মা–বাবা ও নানাকে হারানো শিশু সাকিরা আক্তার (৬) আজ মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।
গত শুক্রবার সকাল সাতটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সেন্ট মার্টিন পরিবহন নামের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে প্রাণ হারিয়েছেন সাকিরার বাবা রিয়াজ খান (৪০), মা শারমিন আক্তার (৩২) এবং নানা আবদুর রহমান ব্যাপারী (৬০)। শিশু সাকিরাও তাঁদের সঙ্গে ছিল। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে।

মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নানি শাহেদা বেগমকে দেখতে ওই দিনই বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় এসেছিল পরিবারটি। সদরঘাট থেকে মাতুয়াইলে তাঁরা সাকিরার ছোট মামা তানভীর আহমেদের বাসায় যাচ্ছিলেন। অটোরিকশায় জায়গা না হওয়ায় সাকিরাদের তুলে দিয়ে বড় মামা নজরুল ইসলাম একটি বাসে উঠেছিলেন। এর বেশ কয়েক দিন আগে থেকেই সাকিরার ভাই ফাহিম খান ওরফে শাহরিয়ার (১১) ছোট মামার বাসায় বেড়াচ্ছিল।

আজ হাসপাতালে গিয়ে দেখা যায়, বেলা তিনটার দিকে সাকিরা বড় মামা নজরুল ইসলাম, বড় মামি সোনিয়া পারভীন, মামাতো ভাই এবং বড় মামির বড় বোন শিরীন সুলতানার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি যাওয়ার প্রস্ততি নিচ্ছে। বড় মামা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাতুয়াইলের বাসাতেই যাচ্ছেন তাঁরা। তাঁদের কাছেই সাকিরা ও সাকিরার ভাই ফাহিম থাকবেন। মামার বাসায় যাওয়ার আনন্দে বেশ উৎফুল্ল ছিল সাকিরা।

বড় মামির বোন শিরীন সুলতানা প্রথম আলোকে বলেন, বাড়ি ফেরার পর সাকিরাকে গোসল করিয়ে খাওয়াদাওয়া করানো হয়েছে। মামাতো ভাইয়ের সঙ্গে খেলে ও টেলিভিশন দেখে সময় কাটাচ্ছে। দুর্ঘটনা সম্পর্কে সে কোনো কিছু বলেনি। তারা নিজেরাও সেই প্রসঙ্গ টানেননি।