হাসপাতালে আসা মানুষের ভোগান্তি
বৃহস্পতিবার সকাল ১১টা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ। হরতাল এড়াতে সড়ক দুর্ঘটনায় আহত ছেলে কোলে নিয়ে ভোর পাঁচটা থেকে বসে আছেন শাহিদা বেগম। গতকালই ফেনী থেকে ঢাকায় এসেছেন তিনি। অসুস্থ ছেলে কেঁদেই চলেছে। মায়ের চোখেমুখে অনিশ্চয়তার ছাপ।গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের ডাকা হরতালে ভোগান্তিতে পড়েন শাহিদা বেগম। ছেলের পা ঈদের দিন থেঁতলে গেছে। ফেনীর চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানে আর চিকিৎসা হবে না। তাই বুধবার রাতেই বাসে চড়ে তড়িঘড়ি করে ঢাকায় আসা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল), জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ঘুরে জানা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকে হরতাল শুরুর আগেই হাসপাতালে পৌঁছায়। ফেরার সময় অনেককে সমস্যায় পড়তে হয়।চিকিৎসকেরা বলেন, খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ হাসপাতালে আসেনি। অন্যান্য দিনের তুলনায় বহির্বিভাগে ৪০-৫০ ভাগ রোগী কম এসেছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের আবাসিক চিকিৎসক আরিফুর রহমান বলেন, প্রতিদিন তাঁর বিভাগে গড়ে ৪৫০ জন রোগী আসে; গতকাল বেলা ১১টা পর্যন্ত এসেছিল মাত্র ৩৭ জন।জাতীয় হূদরোগ ইনস্টিটিউটেও ছিল একই অবস্থা। আবাসিক চিকিৎসক কাজল কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ৫০ জন ভর্তি হয়েছে। কিন্তু গতকাল ভর্তি হয়েছে ২০ জন।রোগী ও তাদের স্বজনদের অনেকে বাড়ি ফেরার সময় বিপদে পড়ে। হাজারীবাগ থেকে পঙ্গু হাসপাতালে আসা আঙ্গুয়ারা বেগম, কিংবা মিরপুর থেকে শিশু হাসপাতালে অসুস্থ মেয়ে তিন্নিকে নিয়ে আসা মাকে রাস্তার পাশে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।সময়ের আগেই বন্ধ: পঙ্গু হাসপাতালে রোগী না থাকায় নির্ধারিত সময়ের আগেই বহির্বিভাগ বন্ধ হয়ে যায়। এতে কেউ কেউ সমস্যায় পড়েন। আঞ্জুমানে মফিদুল ইসলামের অ্যাম্বুলেন্সে করে গতকাল বেলা দেড়টায় গেন্ডারিয়া থেকে হাসপাতালে আসেন হোসেন মিঞা। হাসপাতালে ঢোকার মুখে মো. হানিফ নামের এক ব্যক্তি তাঁকে বলেন, বহির্বিভাগ বন্ধ। হোসেন মিঞা পা ভেঙেছেন আরও আগে। কাজেই চিকিৎসা করাতে হলে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।তবে হাসপাতালের কয়েকজন কর্মচারীর বাধা উপেক্ষা করেই হোসেন মিঞা জরুরি বিভাগে পৌঁছান।হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আউয়াল স্বীকার করেন, রোগী কম থাকায় বহির্বিভাগ আগে বন্ধ হয়েছে। এমনিতে বেলা দুইটা পর্যন্ত খোলা থাকে। তবে জরুরি বিভাগে চিকিৎসক ছিলেন।অনেকেই খুশি: বিএসএমএমইউর মেডিসিন বিভাগে সাভার থেকে চিকিৎসা নিতে আসা নারী মোমেনা বেগম হরতালে বেশ খুশি। তিনি বলেন, হাসপাতালে পৌঁছাতে কম সময় লেগেছে। তা ছাড়া, রোগীর ভিড় না থাকায় চিকিৎসকেরা অনেকটা সময় নিয়ে দেখেছেন।