হাসপাতালে এসেছে ওষুধ, কেনা হচ্ছে সরঞ্জাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানার আধুনিকায়নের জন্য সাড়ে তিন কোটি টাকার একটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কর্মসূচির আওতায় প্রাণীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হচ্ছে। ইতিমধ্যে ওষুধ কেনা হয়েছে। ফলে প্রাণীর সুচিকিৎসা দেওয়া যাবে। জানা যায়, গত ২৭ মে ‘চিড়িয়াখানার পশু-পাখির স্বাস্থ্যসেবা জোরদারকরণ কর্মসূচি’ নামের এই প্রকল্প গ্রহণ করা হয়। এ জন্য অর্থ মন্ত্রণালয় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ দেয়। ১৬ লাখ টাকার ওষুধ ক্রয়: চিড়িয়াখানার হাসপাতালে ওষুধের পর্যাপ্ত মজুদ থাকে না—এ অভিযোগ বেশ পুরোনো। তবে প্রাণীদের চিকিৎসাসেবা দিতে গত জুনে প্রায় ১৬ লাখ টাকার ওষুধ কেনা হয়েছে। চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহিদ উল্লাহ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন থেকেই ওষুধ কেনার জন্য বরাদ্দের কথা মন্ত্রণালয়ে জানিয়ে আসছিলাম। এই কর্মসূচির আওতায় টাকা পাওয়া গেছে। ইতিমধ্যে আমরা পর্যাপ্ত ওষুধ কিনেছি।’ সূত্র জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে হাসপাতালের জরুরি ওষুধ ও ভ্যাকসিন সংরক্ষণে সমস্যা হচ্ছে। এ জন্য চিড়িয়াখানায় শিগগিরই ৩২ কিলোভোল্টেজের একটি জেনারেটর স্থাপন করা হবে। কেনা হচ্ছে চিকিৎসা সরঞ্জাম: সূত্র জানায়, কর্মসূচির আওতায় হাসপাতালের সরঞ্জাম কিনতে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রাণীকে নিয়ন্ত্রণের জন্য স্কুইজবাক্স, রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল মাইক্রোস্কোপ, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, রক্ত পরীক্ষার সরঞ্জাম কেনা হচ্ছে। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানি থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করা হবে। তা ছাড়া অস্ত্রোপচারের পর প্রাণীদের পরবর্তী সেবার জন্য একটি আলাদা কক্ষ নির্মাণ করা হচ্ছে। অসুস্থ প্রাণীদের বিশেষ সেবা দিতে একটি আলাদা কক্ষও নির্মাণ করা হচ্ছে। সূত্র জানায়, দেড় মাস আগে চিড়িয়াখানার একটি সিংহ মারা যায়। সিংহটি যকৃতের সমস্যায় ভুগছিল। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় সিংহটির চিকিৎসা করা যায়নি। কিউরেটর জানান, সরঞ্জাম পেলে অসুস্থ প্রাণীদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়া যাবে। তবে দরপত্র আহ্বান, সরবরাহ সব মিলিয়ে প্রক্রিয়াগত কারণে সরঞ্জাম কিনতে অন্তত ছয় মাস লেগে যাবে। হাসপাতালে এসেছে নতুন চিকিৎসক: চিড়িয়াখানা হাসপাতালে চিকিৎসক হিসেবে ভেটেরিনারি সার্জন মঞ্জুরুল হককে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া ক্ষুদ্র প্রাণী ও বাগান শাখায় দুজন বন্য প্রাণী কর্মকর্তার পদ এতদিন শূন্য ছিল। ওই দুটি পদেও যথাক্রমে মোহাম্মদ সেলিম ও আনোয়ারুল হক মঞ্জু নামে দুজন ভেটেরিনারি সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁরা প্রয়োজনে চিকিৎসার কাজও করবেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, এতদিন হাসপাতালে যে চিকিৎসক সংকট ছিল, তিনজন ভেটেরিনারি সার্জন নিয়োগের কারণে সে সংকট কাটিয়ে ওঠা যাবে। আরও কিছু উদ্যোগ: হাতি, গণ্ডার, জলহস্তিসহ বেশ কিছু প্রাণীকে কিছুক্ষণ পরপরই শরীরে পানি দিতে হয়। তবে চিড়িয়াখানায় পানি-সংকটের কারণে এ কাজটি ঠিকমতো করা যাচ্ছিল না। এ কারণে ওই কর্মসূচির আওতায় চিড়িয়াখানায় একটি গভীর নলকূপ বসানো হচ্ছে। তা ছাড়া চিড়িয়াখানার সীমানা অনেক বড় হওয়ায় কোনো স্থানে প্রাণী অসুস্থ হলে কিউরেটর কিংবা হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বেশ সময় লেগে যায়। এ কারণে চিড়িয়াখানার ভেতরে কর্মকর্তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ২০ সেট ওয়াকিটকি কেনা হয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাড়ে তিন কোটি টাকার এই কর্মসূচিটি চিড়িয়াখানার আধুনিকায়নের স্বল্পমেয়াদি উদ্যোগ। এটা দিয়ে এখনকার মতো কাজ চালিয়ে নেওয়া হবে। তবে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ১১৫ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।তা ছাড়া মালয়েশিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান চিড়িয়াখানার ভেতরে বিনোদন পার্ক করার জন্য ১২০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। এটি হলে চিড়িয়াখানার আধুনিকায়ন সম্ভব হবে।