হাসপাতালে তরুণীর মৃত্যু স্বামী পরিচয়দানকারী যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশা আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যুর পর পুলিশ গতকাল বুধবার বিকেলে হাসপাতালে ওই তরুণীর স্বামী পরিচয়দানকারী জসিমউদ্দিনকে আটক করেছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ডেমরা থানার সারুলিয়া এলাকার সানারপাড়ের বাসিন্দা জসিমউদ্দিন আহত অবস্থায় আয়েশা নামের এক তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।জসিম হাসপাতাল ক্যাম্পের পুলিশকে জানান, আয়েশা তিন দিন আগে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন। আবার বলেন গতকাল সকালে বাসার বাথরুমে পড়ে আহত হন। তিনি তাঁর শ্বশুরসহ অন্যদের নাম বলতে পারেননি। এ সময় পুলিশ জসিমকে আটক করে।হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, জসিমউদ্দিনের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিষয়ে ডেমরা থানায় খোঁজখবর নেওয়া হয়েছে।