ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিম পাশে এবং দুই নম্বর ফটকের সামনের ফুটপাত দখল করে দুটি দোকান নির্মাণ করা হয়েছে। এতে হাসপাতালের রোগী, রোগীর স্বজন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।এই ঘটনায় হাসপাতালের পরিচালক সিটি করপোরেশনের কাছে লিখিত অভিযোগ এবং শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁরা সিটি করপোরেশন থেকে বরাদ্দ নিয়ে দোকান দুটি নির্মাণ করেছেন।সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর করপোরেশনের পক্ষ থেকে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ স্থাপনাটি উচ্ছেদের জন্য ঢাকা সিটি করপোরেশনের মেয়র বরাবর গত ১৪ জুলাই এক চিঠি দেন। চিঠিতে বলা হয়, দেশের সর্ববৃহৎ এ হাসপাতালে সারা দেশ থেকে প্রতিদিন অসংখ্য রোগী চিকিত্সার জন্য আসেন। প্রধান ফটকের পাশে হাসপাতালের সীমানাপ্রাচীর-সংলগ্ন ফুটপাত দখল করে স্বার্থান্বেষী মহল রাতের আঁধারে অবৈধভাবে দোকান নির্মাণ করেছে। এতে রোগী ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন এবং হাসপাতালের পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক এরপর ২১ জুন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ২১ জুলাই প্রধান সম্পত্তি কর্মকর্তার কাছে চিঠি দেন এবং ২২ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি প্রথম আলোকে বলেন, এসব দোকান উচ্ছেদের জন্য ঢাকা সিটি করপোরেশনকে লিখিত ও মৌখিকভাবে কয়েকবার বলা হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের দুই নম্বর ফটকের সামনে সীমানাপ্রচীর ঘেঁষে নতুন করে একটি দোকান এবং ফুটপাতের পাশে আরও দুটি দোকান নির্মাণ করা হয়েছে। হাসপাতালের ফটকের পূর্ব পাশে সিয়াম হোটেলের কাছাকাছি ফুটপাত প্রায় পুরোটা দখল করে নির্মিত ঘরে সংবাদপত্র বিক্রির দোকান বসানো হয়েছে।জানা গেছে, জনৈক সোনিয়া বেগমের নামে সিটি করপোরেশনের কাছ থেকে বরাদ্দ নিয়ে ফুটপাতের ওপর ওই দোকান নির্মাণ করা হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে সোনিয়া বেগম প্রথম আলোকে বলেন, আট বছর আগে ঢাকা সিটি করপোরেশন তাঁকে দোকানটি বরাদ্দ দেয়। তিনি সম্প্রতি দোকানের শার্টার মেরামত করেছেন মাত্র।ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বলেন, দোকান দুটি সঠিকভাবে বরাদ্দ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তাঁর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, দোকান দুটি বরাদ্দ দেওয়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষের অনাপত্তি নেওয়া হয়নি। রোগীদের স্বার্থে দোকান দুটির বরাদ্দ বাতিলের জন্য তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।