হাসিখুশি রাবেয়া-রোকাইয়া

বয়স এক বছর। দারুণ উৎফুল্ল ও চঞ্চল তারা। শুয়ে হাসছে, হাত-পা নেড়ে খেলছে। মাথায় জোড়া লাগানো এই যমজের নাম রাবেয়া ও রোকাইয়া। তারা বসতেও পারে।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু দুটির মা তাদের জন্য খাবার তৈরি করছেন। তারা বিছানায় শুয়ে হাত-পা ছুড়ছে।
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম-তাসলিমা দম্পতির তিন সন্তান। প্রথম সন্তানও মেয়ে। এরপর মাথা জোড়া লাগানো এই দুই মেয়ের জন্ম হয়েছে। গত বছর পাবনা শহরের একটি ক্লিনিকে ভর্তি হলে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে এই জমজের জন্ম হয়।
মা তাসলিমা খাতুন বলেন, ‘প্রথম দিকে একটু মন খুব খারাপ ছিল। এখন পরিবারের সবাই তাদের আদর-ভালোবাসা দিচ্ছে। তাতেই বেড়ে উঠছে রাবেয়া-রোকাইয়া। এখন আমারও আর মন দুর্বল নেই।’ বাবা-মায়ের শুধু এখন একটাই চিন্তা—দুই সন্তানকে আলাদা করা যাবে কোথায়, কোন চিকিৎসকের কাছে?
মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাচ্চা দুটিকে নিয়ে ভীষণ টেনশনে আছি। কোথায় কীভাবে এদের চিকিৎসা করাব, তার সঠিক কোনো দিশা পাচ্ছি না। দেশে অথবা বিদেশে চিকিৎসার জন্য কেউ যদি আমাদের তথ্য দিয়ে কিংবা সাধ্য অনুযায়ী সহযোগিতা করতেন আমরা অনেক উপকৃত হতাম। বাচ্চা দুটি কবে নাগাদ আলাদা হবে, সেই দিনটির অপেক্ষাতেই আমরা আছি।’
তাসলিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে দুটি অনেক ভালো আছে৷ তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমস্যাও বেড়ে যাচ্ছে৷ বাচ্চা দুটিকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানোর কাজ করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠছে।
শিশু দুটি হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক রুহুল আমিনের অধীনে আছে। তিনি প্রথম আলোকে বলেন, রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার জন্য সোমবার বোর্ড বসেছিল। তাদের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আলোচনা হচ্ছে। তাদের সিটি স্ক্যান করা হয়েছে। এমআরআই করা হবে। এসব রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুজনের মস্তিষ্ক একই নাকি আলাদা তা খুব গুরুত্বপূর্ণ এ ক্ষেত্রে।
অধ্যাপক রুহুল আমিন জানান, বাংলাদেশে এ ধরনের জোড়া যমজ আলাদা করার অভিজ্ঞতা নেই। সে ক্ষেত্রে বাইরের বিশেষজ্ঞদের যে কোনো অভিজ্ঞতা বা সহযোগিতা পেলে তা কাজে লাগানো হবে।