জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র হাসিব হুমায়ূনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনে ছাত্র-শিক্ষকেরাও অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসিব হত্যার বিচারের দাবিতে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, প্রক্টর কাজী আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন শিক্ষক অংশ নেন।মানববন্ধন শেষে নিহত হাসিবের মা হাসিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘হত্যার পর ১৫ মাস পেরিয়ে গেলেও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় আসামিরা জামিনে বেরিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা এখন আমাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হত্যার হুমকি দিচ্ছে এবং মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে।’প্রসঙ্গত, ২০০৮ সালের ৫ অক্টোবর আজিমপুরের বাসা থেকে হাসিবকে ডেকে নিয়ে নারায়ণগঞ্জের বরপা গ্রামে হত্যা করা হয়। এ সময় তাঁর বাবা কাঞ্চন হোসেন রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ এই মামলায় কামাল হোসেন, রনি, মিশু, নয়ন ও রোমানকে গ্রেপ্তার করে। এর মধ্যে দুজন জামিনে বেরিয়ে আসে। নয়ন আদালতে হত্যার কথা স্বীকার করে ১৪৪ ধারায় জবানবন্দি দেয়।