হায় ইলিশ!
এক দিন পরেই পয়লা বৈশাখ। বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ ছাড়া পয়লা বৈশাখ জমে না। দিন পনেরো আগে থেকে রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকার মাছের বাজারগুলোতে জমে উঠেছে ইলিশের বাজার। পয়লা বৈশাখ যত এগিয়ে আসছে, মাছের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় তত বাড়ছে। বাজারে ইলিশের চাহিদা ব্যাপক, কিন্তু আমদানি কম। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় মাছের বাজার ও আড়তগুলোতে গিয়ে জানা গেল, সপ্তাহ খানেক আগে আনা ইলিশ প্রায় শেষ হয়ে গেছে। অবশিষ্ট যা আছে, তার দাম আকাশছোঁয়া। সোয়ারীঘাটে মাছ বিক্রেতা দিলীপ চান বললেন, ‘এখন ক্রেতা আছে কিন্তু ইলিশ নাই।’সোয়ারীঘাটে যেসব ইলিশ বিক্রি হচ্ছে, তার বেশির ভাগ মিয়ানমার ও চট্টগ্রামের। পদ্মার ইলিশের দাম এই দুই অঞ্চল থেকে আসা ইলিশের চেয়ে বেশি। সোহাগ মৎস্য আড়তের পরিচালক মো. সোহাগ উদ্দিন জানান, পাইকারি দরে চট্টগ্রামের ইলিশ ৫০০ গ্রাম ওজনের এক পোন (৮০ পিস) ১২ থেকে ১৩ হাজার টাকা আর ৬০০-৭০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশের পোন ১৫ থেকে ১৬ হাজার টাকা। দামে সবচেয়ে কম মিয়ানমারের ইলিশের। ৭০০ গ্রাম ওজনের এক পোনের দাম ১০ থেকে ১১ হাজার টাকা।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, হরতালের কারণে চট্টগ্রাম থেকে ট্রাক না আসায় ইলিশের এই বাড়তি দাম। দুই দিন ধরে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বড় ইলিশ না পেয়ে সোয়ারীঘাটে এসেছিলেন মালিবাগ এলাকার ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বললেন, বাজারে পদ্মার ইলিশ তেমন দেখা যাচ্ছে না। ছেলে-মেয়েদের বায়না, বৈশাখে ইলিশ পান্তা ছাড়া অন্য কিছু খাবে না।’