হিজবুল মুজাহিদীন লস্করের দুই জঙ্গি ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও হিজবুল মুজাহিদীনের সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ (৪৫) ও সাফি ওরফে সামিউল্লাহ ওরফে মোস্তাককে (৩০) তিন দিনের রিমান্ডে নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। গতকাল বুধবার দুই জঙ্গিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মহানগর হাকিম কামরুন নাহার তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক আব্বাস আলী আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, আসামিরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি পাকিস্তানি নাগরিক মজিদ ভাটের পরিচিত ও একই সংগঠনের সদস্য। আসামিরা জঙ্গি তৎপরতায় জড়িত থাকার পাশাপাশি অর্থের জোগান দিয়ে আসছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে।প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া মালেক পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার সমন্বয়ক। আর সাফি ভারতের কাশ্মীরে তৎপর হিজবুল মুজাহিদীনের সদস্য। তাঁদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৭ ও ১১ ধারায় মামলা করেন।