হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে হলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।‘সামাজিক জীবনের মূল স্রোতে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্তকরণ: প্রতিবন্ধকতা ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেছেন। গতকাল শনিবার সকালে তেজগাঁওয়ে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ কলেজ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।হিজড়াদের সমাজের মূল স্রোতে আনার উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের টিম-ই, ব্যাচ-৩২, ম্যাট ২-এর অধীনে বাস্তবায়িত পরীক্ষামূলক প্রকল্প থেকে ওই সেমিনারের আয়োজন করা হয়। প্রকল্পের দলনেতা হচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এস এম এবাদুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, হিজড়াদের নিয়ে তেমন কোনো কাজ হয়নি। বর্তমানে সরকারি কর্মকর্তারা নিজেদের দায়িত্বের বাইরে হিজড়াদের জন্য প্রকল্প পরিচালনার যে সাহসী উদ্যোগ নিয়েছেন, তাতে অবশ্যই ইতিবাচক ফল পাওয়া যাবে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে হিজড়া নামটি পরিবর্তনের প্রস্তাব করে বলেন, এই নামটির মধ্যেই এক ধরনের বৈষম্য বিদ্যমান। এই নামের কারণেই হিজড়াদের সম্পর্কে সমাজে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিদ্যমান।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, হিজড়াদের শুধু প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিলেই হবে না, তাদের কাজ দিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার বিবেচনা থেকে এগিয়ে আসতে হবে। সমাজে তাঁদের সাধারণ মানুষ হিসেবে সম্মান দিতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, হিজড়াদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই তাদের সমাজের মূলস্রোতে সম্পৃক্ত করা সম্ভব হবে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্যই এটা করা প্রয়োজন। সরকারের ন্যাশনাল সার্ভিসসহ বিভিন্ন কর্মসূচিতে হিজড়াদের সম্পৃক্ত করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, আদমশুমারিসহ বিভিন্ন জরিপে হিজড়াদের জন্য আলাদা একটি কলাম রাখার সুপারিশ করেন তিনি।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, দেশের সংবিধান অনুযায়ী হিজড়াদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা যাবে না। কিন্তু দেশীয় আইনে হিজড়াদের সুরক্ষার কোনো ব্যবস্থা রাখা হয়নি। জনস্বার্থ মামলার মাধ্যমে হাইকোর্ট থেকে একটি গাইডলাইন পাওয়া গেলে তা এই জনগোষ্ঠীর অধিকার আদায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান বলেন, একটু বুঝতে শেখার পর থেকে হিজড়ারা বৈষম্যের শিকার হতে থাকে। তাদের মৃত্যুও ঘটে মানবেতরভাবে। মৃত্যু-পরবর্তী আচার পালনে শুরু হয় আরেক ধরনের বৈষম্য।হিজড়াদের নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ বলেন, হিজড়ারা যদি চায়, শুধু তাহলেই নাম পাল্টানো উচিত। ভারত, পাকিস্তান ও নেপালে যেভাবে নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের স্বীকৃতি দেওয়া হয়েছে, বাংলাদেশেও সে ধরনের স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।