হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে শাহবাগে অবস্থান
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। আজ শুক্রবার সকাল থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদের অংশ হিসেবে রাতে মশাল মিছিল বের করার পরিকল্পনাও রয়েছে।
কর্মসূচিতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানায় বাংলাদেশ হিন্দু পরিষদ। সেখানে অংশ নেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা সংগঠনটির নেতৃস্থানীয় ব্যক্তিরা।
এ সময় বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপংকর শিকদার বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আর সইতে পারছি না। আমরা নিরাপত্তা চাই।’
বাংলাদেশ হিন্দু পরিষদের নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া রাতে মশাল মিছিল করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা উপস্থিত ছিলেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাঁরা এ ধরনের কাজ করতে পারেন না। একটি বিশেষ মহল এই ষড়যন্ত্র শুরু করেছে। তাদের প্রতিরোধ করতে হবে।
আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের আবহমান গ্রামবাংলার শিল্প-সংস্কৃতিগুলো হারিয়ে গেছে। সেগুলো ফিরিয়ে আনতে হবে। আমাদের শিকড়ে ফিরে যেতে হবে।’
এ সময় বাংলাদেশ নাগরিক কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র বলেন, ‘৭২-এর সংবিধানে ফিরে যেতে হবে। না হলে এসব সহিংসতা বন্ধ হবে না। এখনো কেন পূজার ছুটির জন্য আমাদের আন্দোলন করতে হয়।’
বেলা একটায় প্রতিবেদন লেখা পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছে কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ, বাংলাদেশ সনাতন কল্যাণ জোট, শারদাঞ্জালি ফোরাম, বাংলাদেশ হিন্দু লয়ার্স অর্গানাইজেশন (বিএইচএলও), আর্য প্রতিনিধি সভা বাংলাদেশ, জাগো হিন্দু পরিষদ, ঢাকা ওয়ারী রবিদাস হিন্দু কল্যাণ সংঘ, ভক্ত সংঘ, হিন্দু সংরক্ষণ ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু ছাত্র ফোরাম, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংরক্ষণ সমিতি, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন, ঢাকা বিভাগীয় কমিটি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েস (বাংলাদেশ) এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ।