হিমাচল পরিবহনের ধাক্কায় চালকের সহকারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীর দীপনগরে গতকাল শুক্রবার বাসের ধাক্কায় ওই বাসের চালকের সহকারী মো. মোস্তফা (৪৬) মারা গেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, হিমাচল পরিবহনের অস্থায়ী বাসস্ট্যান্ড দীপনগরে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হিমাচল পরিবহনের একটি বাসের পেছনের দিকে দাঁড়িয়ে সেটি পেছনে নেওয়ার সংকেত দিচ্ছিলেন ওই বাসের চালকের সহকারী মোস্তফা। এ সময় ওই বাসের ধাক্কায় মোস্তফা গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের ৯ নম্বর ব্লকে থাকতেন। তাঁর বাবা মৃত রহমান মিয়া।
দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) গতকাল রাতে প্রথম আলোকে বলেন, অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই স্বজনেরা চালকের সহকারী মোস্তফার লাশ নিয়ে গেছেন। স্বজনেরা এ নিয়ে মামলা করতে আগ্রহী নন।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পল্টনের জোনাকি সিনেমা হলের সামনে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: গতকাল বেলা ১১টার দিকে দোলাইরপাড়ের এক আইসক্রিম কারখানায় যন্ত্র চালু করতে গিয়ে নূরন্নবী (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি কুড়িগ্রামে।