হিযবুত তাহরীরের আরও চার সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ধর্মভিত্তিক উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।রাজধানীর আশকোনা এলাকা থেকে রোববার দুপুরে গ্রেপ্তার হওয়া এই চারজন হচ্ছেন মো. হোসেন রনি (২১), কাজী রশিদুল হক ওরফে রাজীব (১৮), সবুজ ওরফে বাবু (১৮) ও মো. হারেস (২১)। এঁদের মধ্যে রনি ও রাজীব টঙ্গী সরকারি কলেজের ছাত্র। বাকি দুজন লেখাপড়া করেন না, তাঁরা বিভিন্ন কারখানায় কাজ করেন।গতকাল সোমবার উত্তরায় র্যাব-১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চারজনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।সংবাদ সম্মেলনে র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম বলেন, আশকোনা বাজারের কাছ থেকে এই চারজনকে হিযবুত তাহরীরের কিছু প্রচারপত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আশকোনায় রনির বাসা থেকে হিযবুত তাহরীরের বেশ কিছু সাংগঠনিক বই-পুস্তক উদ্ধার করে র্যাব। অভিযান পরিচালনা করেন র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম। লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম জানান, এত দিন হিযবুত তাহরীরের সদস্য হিসেবে যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁরা সবাই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর। এই প্রথম দুজন ধরা পড়লেন, যাঁরা শ্রমিক শ্রেণীর।