হিযবুত তাহ্রীর আরও চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সরকারবিরোধী পোস্টার লাগানোর সময় নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়াসহ বিভিন্ন এলাকার দেয়ালে প্রচুরসংখ্যক পোস্টার লাগিয়েছে সংগঠনটি।গতকাল বুধবার ভোরে আদাবর থেকে ইবনে মিজান সেন্টু (২৫) ও রামপুরা থেকে মাসুদ খান (৩০), ইসনাত ইসলাম ওরফে শাহারুল ইসলাম (২০) ও জাহিদ হোসেনকে (২০) গ্রেপ্তার করে আদাবর ও রামপুরা থানার পুলিশ।এর আগে গত সোমবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পোস্টার লাগানোর সময় পোস্টারসহ তিনজনকে গ্রেপ্তার করে রমনা থানার পুলিশ। এ সময় আরও দুজন পালিয়ে যায়।আদাবর থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান, গতকাল ভোরে পিসি কালচার হাউজিং এলাকায় পোস্টার লাগানোর সময় পুলিশ ১০৪টি পোস্টারসহ মিজানকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়। এ বিষয়ে আদাবর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে।এ ছাড়া গতকাল ভোর সাড়ে চারটার দিকে রামপুরা থানার পুলিশ একই পোস্টার লাগানোর সময় ডিআইটি রোড এলাকা থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় আরও তিন-চারজন পালিয়ে যায়। পরে পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বনশ্রী এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করে। পোস্টারগুলোতে সরকারকে ‘ভারতের তাঁবেদার’ এবং বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যার জন্য দায়ী আখ্যায়িত করে তাদের উৎখাতের আহ্বান জানানো হয়। পোস্টারগুলো লাগানো হয়েছে লালমাটিয়া, মোহাম্মদপুর, সিদ্ধেশ্বরীসহ রাজধানীর বিভিন্ন এলাকায়।