হিযবুত তাহ্রীরের আরও ছয় সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর ঝিগাতলা বাসস্ট্যান্ড থেকে র্যাব তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সবাই নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।এর আগে গ্রেপ্তার হওয়া নয়জন হিযবুত সদস্যকে পৃথক মামলায় রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত বুধবার রাজধানীর দক্ষিনখান থানার পুলিশ পাঁচজনকে এবং হাজারীবাগ থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।র্যাব জানায়, ঝিগাতলা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহ্রীরের সদস্যরা হলেন শেখ শাহনেওয়াজ সুলতান, ফেরদৌস ওয়াহিদ, নওয়াজিশ আজম, আসিফুর রহমান, এস এম তৌহিদুল ইসলাম, এস এম আলামিন।র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, তাঁদের কাছ থেকে সরকারবিরোধী মোট ১৬টি পোস্টার, ৫০টি লিফলেট, দুটি মুঠোফোন এবং একটি ব্যাগ থেকে চারটি আঠার বোতল পাওয়া যায়।এর আগে গ্রেপ্তার করা নয়জনকে গতকাল দুটি আদালতে হাজির করা হয়।