হিযবুত তাহ্রীরের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে রাজধানীর দক্ষিণখান থানার আশকোনার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচজন হিযবুত সদস্য হলেন কাজী আবিদ নুর (২০), সাইদুল ইসলাম (২২), আবু তাহের মো. মাসুদ (২৩), মাহামুদুল হাসান (২২) ও রাহেল আহম্মদ (২২)। দক্ষিণখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজন হিযবুত তাহ্রীরের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা থানার জনৈক তমিজ উদ্দিনের বাসার একটি পরিত্যক্ত কক্ষে হিযবুত সদস্যরা গোপন বৈঠক করছিলেন। গোপন সূত্রে এ সংবাদ পেয়ে ভোর সাড়ে চারটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার এবং রাষ্ট্রবিরোধী পোস্টার, হিযবুত তাহ্রীরের বিপুল পরিমাণ পুস্তিকা, প্রচারপত্র, খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর বাংলা ও ইংরেজি বই, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপি এবং কম্পিউটার উদ্ধার করা হয়।