হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে পাঁচজন আটক
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে গতকাল শনিবার বিকেলে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন গণপিটুনিতে আহত হয়েছেন। আটক হওয়া যুবকেরা হলেন: মামুনুর রশিদ, ইমরান আলী, শফিউর রহমান, মো. ফয়সাল ও মো. মাইনুদ্দিন। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে। নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে নীলক্ষেত মোড়ে হিযবুত তাহ্রীরের ২০-৩০ জন সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের প্রতিবাদ-সংবলিত প্রচারপত্র বিলি করছিলেন এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সাদা পোশাকে দায়িত্ব পালনরত পুলিশ তাঁদের আটক করার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে জনতা তাঁদের দুজনকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত দুজনসহ পাঁচজনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।গতকাল রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নীলক্ষেত থানায় মামলার প্রক্রিয়া চলছিল।