হিযবুত তাহ্রীরের ২২ সদস্য গ্রেপ্তার
পুলিশ ও র্যাব রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ধর্মভিত্তিক উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের ২২ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে জিহাদি বই ও ব্যানারসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে।র্যাব সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে র্যাব-২-এর একটি দল ৪৪/কিউ/এ, ঝিগাতলা (নতুন রাস্তা) বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে হুমায়ুন আহম্মেদ, মোহতাসিম গালিব ওরফে গালিব নামে হিযবুত তাহ্রীরের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। সেখান থেকে র্যাব সরকারবিরোধী পোস্টার, ব্যানার, লিফলেট, সাংগঠনিক বই ও কম্পিউটার জব্দ করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রায়েরবাজার এলাকার শেরেবাংলা সড়কের ৮ নম্বর বাসা থেকে হিযবুত তাহ্রীরের সদস্য সাঈদ পারভেজ, সামছুদ্দোহা ওরফে হাসানকে গ্রেপ্তার করা হয়। এদিকে হিযবুত তাহ্রীরের সদস্যরা গতকাল দুপুরে পল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে মিছিল করার চেষ্টা করে। পল্টন থানার পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয় এবং ১৮ সদস্যকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. শিহাব, মো. জনি, তাহমির আশরাফ, ফাহিম, শাহাদাত, নাফিজ ইমতিয়াজ, তাসিম রসুল, এস এম শামসুদ্দোহা, রাক্কিউর রেজা, ইকরামুল খায়ের, আরিফ রাব্বানী, মো. মহসিন, শেখ মো. শাহ নেওয়াজ, মো. ফাহাদ আজিজ, এ এম সাইফুল ইসলাম, নাজমুল হক, মাহমুদুল কবির ও মাহমুদ হাসান।