হিলারি ও প্রণবের আগমনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বাম মোর্চাসহ বামপন্থী কয়েকটি রাজনৈতিক দল বাংলাদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির আসার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সমানের রাস্তায় পৃথকভাবে দলগুলো বিক্ষোভ ও সমাবেশ করে। এ ছাড়া প্রগতিশীল বাম ছাত্রসংগঠনগুলো গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও হিলারি ক্লিনটনের কুশপুত্তলিকা পোড়ায়। বিক্ষোভকারীরা ‘হিলারি ফিরে যাও’ বলে স্লোগান দিতে থাকেন। গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশে বক্তারা বলেন, অতীত ও বর্তমান সরকার জাতীয় সম্পদ তেল-গ্যাস বহুজাতিক কোম্পানির হাতে তুলে দিয়ে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। এখন বিনিয়োগ, নিরাপত্তা ও কৌশলগত অংশীদারি চুক্তির নামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মার্কিন-ভারত-ইসরাইলি অক্ষশক্তির যুদ্ধ চক্রান্তে বাংলাদেশকে জড়ানো হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, মার্কিন মদদে বাংলাদেশে হত্যা আর গুমের ঘটনা দক্ষিণ আমেরিকার পরিস্থিতিকেও হার মানিয়েছে। রাজেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাম মোর্চার কেন্দ্রীয় নেতা সাইফুল হক, মোশরেফা মিশু, আবদুস সাত্তার প্রমুখ।সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশে হিলারি ক্লিনটনের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়। পুলিশ গিয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। সংগঠনের সভাপতি রওশন আরা অভিযোগ করেন, মার্কিনদের মদদে বাংলাদেশে দক্ষিণ আমেরিকার মতো গুম-খুনের ঘটনা ঘটছে। মার্কিন-ভারত সাম্রাজ্যবাদী শক্তি চুক্তির জালে আবদ্ধ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করতে চাইছে। জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশে বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি নির্মাণ করা চলবে না। এ ছাড়া সংগঠনটির নেতারা ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশ এবং জ্বালানিসংক্রান্ত অংশীদারি চুক্তি বাতিলের দাবি জানান। সংগঠনের কেন্দ্রীয় নেতা ফয়জুল হাকিম, মাসুদ খান, আবু তাহের প্রমুখ বক্তৃতা করেন।প্রগতিশীল ছাত্রসংগঠনের বিক্ষোভ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রতিবাদে গতকাল বেলা একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফেরদৌস আহমেদ। সমাবেশ শেষে হিলারির কুশপুত্তলিকা দাহ করা হয়। তবে ক্যাম্পাসে ছাত্র মৈত্রীর বিক্ষোভ মিছিল শেষে হিলারির কুশপুত্তলিকা পোড়াতে গেলে পুলিশ বাধা দেয়। তারা মিছিলকারীদের কাছ থেকে হিলারির কুশপুত্তিলিকা কেড়ে নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশি বাধার মুখে সেখানেই সমাবেশ করেন ছাত্র মৈত্রীর নেতা-কর্মীরা। এ ছাড়া ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য ক্যাম্পোসে বিক্ষোভ মিছিল করেছে।