হুমকি-টাকায় টলেননি জিহাদের বাবা

হত্যার হুমকি পেয়েছিলেন কিন্তু তিনি দমে যাননি। আট লাখ টাকায় আসামিরা আপস করতে বলেছিলেন কিন্তু তিনি টাকা নেননি। হুমকি-ধমকি, টাকার লোভ উপেক্ষা করে বিচারের আশায় অটল ছিলেন শাহজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে নিহত শিশু জিহাদের বাবা নাসির উদ্দিন। নাসির উদ্দিন রাজধানীর একটি সরকারি স্কুলের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন।
তাঁর তিন বছরের ছোট্ট শিশু জিহাদ ২৬ মাস আগে রেলওয়ের পরিত্যক্ত গভীর পাইপে পড়ে মারা যায়। এ ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। তিন সন্তানের মধ্যে ছোট ছেলের মৃত্যুর পর মামলা করেন নাসির উদ্দিন।
গতকাল রোববার ঢাকার একটি আদালত শিশু জিহাদের মৃত্যুর জন্য দায়িত্বে অবহেলার জন্য দায়ী করে একজন ঠিকাদার, রেলওয়ের দুজন প্রকৌশলীসহ চারজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে খালাস পেয়েছেন রেলওয়ের আরও দুজন প্রকৌশলী।
নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, আসামিরা অফিসার। তাঁদের অনেক টাকা। মামলার পর লোক পাঠিয়ে হত্যার হুমকি, জোর করে স্ট্যাম্পে সই নেওয়া, টাকার লোভ দেখানোসহ সব ধরনের চেষ্টাই আসামিরা করেছেন।
কিন্তু ছেলের বিচারের জন্য কোনো হুমকি-ধমকি, আপস করেননি। চারজন আসামির সাজা হওয়ায় ভয় লাগে কখন তাঁরা কী করে বসেন।
জিহাদের বাবা নাসির উদ্দিন বলেন, মামলার পর অন্তত দফায় দফায় ছয়জন আসামি তাঁর শাহজাহানপুরের বাসায় গেছেন।
বারবার তাঁরা বলতে চেয়েছেন, ছেলেকে তো আর ফিরে পাবেন না। তাই টাকাপয়সা নিয়ে মামলা উঠিয়ে নিলেই ভালো হয়। কিন্তু নাসির রাজি না হলে তাঁর বাসায় লোক পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নাসির উদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান তাঁর আইনজীবী জসীম উদ্দিন খান।
আইনজীবী জসীম বলেন, মামলার বিচার শুরুর পর শাহজাহানপুরের স্থানীয় একজন কমিশনারের কার্যালয়ে নাসিরকে ডেকে নিয়ে জোরপূর্বক তাঁর কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করেন আসামিরা।
নাসিরের হত্যার হুমকি পাওয়ার জিডি করা প্রসঙ্গে শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না। তাই বিষয়টি তাঁর জানা নেই।