৩৭ বছর আগে শহীদ মুক্তিযোদ্ধা ও সাংবাদিক খন্দকার আবু তালেবের নামে প্রতিষ্ঠিত মিরপুরের শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়টি জমিসংক্রান্ত জটিলতায় হুমকির মুখে পড়েছে।দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম চালানোর পাশাপাশি সরকারিভাবে সেখানকার একটি প্লটে পাঁচতলা ভবনও নির্মাণ করে দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন পর এসে এখন সরকার থেকে বলা হচ্ছে, এটি ব্যক্তিমালিকানাধীন প্লট। এ জন্য প্লটটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত গৃহায়ণ কর্তৃপক্ষের নির্দেশ স্থগিত করেছেন।শুধু তা-ই নয়, ব্যক্তিমালিকানাধীন প্লটে সরকারি অর্থায়নে ভবন করার অভিযোগ তুলে প্রধান শিক্ষক এস এম শহীদুল ইসলাম তালুকদারের এমপিও (বেতন বাবদ মাসিক সরকারি অনুদান) স্থগিত করা হয়েছে। অথচ যখন ভবনটি করা হয়, তখন শহীদুল ইসলাম প্রধান শিক্ষক ছিলেন না। তা ছাড়া শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সব দেখেশুনেই ভবন নির্মাণ করেছে।জটিলতা নিরসনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি উপকমিটি গঠন করেছে। উপকমিটির সদস্য সাংসদ মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত করে স্থায়ী কমিটির কাছে প্রতিবেদন জমা দেব। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম তালুকদার জানান, ঐতিহাসিক ছয় দফা ও সত্তরের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অনুবাদক শহীদ বুদ্ধিজীবী খন্দকার আবু তালেবের নামে ১৯৭৫ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঢাকার মিরপুরের ১০ নম্বর সেকশনে (পল্লবী) বিদ্যালয়টি গড়ে তোলেন। বিদ্যালয়টি ১৯৭৯ সালে নিম্নমাধ্যমিক ও ১৯৮১ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের স্বীকৃতি পায়। এরপর ১৯৮১ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়।এ নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ ইলিয়াস আলী মোল্লা বিদ্যালয়ের নামে প্লটটি বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আধা সরকারিপত্র (ডিও লেটার) দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়। এর মধ্যে প্লটের মালিক দাবিদার প্রবাসী টনি হাসিব সম্প্রতি প্লট থেকে বিদ্যালয়টি অপসারণ করার জন্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনে প্লটটি যে তাঁদের, তার স্বপক্ষে কাগজপত্র দেখান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দাবি করছেন, শিক্ষার স্বার্থে বিদ্যালয়টিকে বাঁচিয়ে রাখার জন্য প্লটটি বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়া হোক। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, নথিপত্র না দেখে বিস্তারিত বলা যাবে না। তবে বিষয়টি সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করছে।