হুমকির কথা পুলিশকে জানানো হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিবাদী আমার (বাড়ির) সীমানা দেওয়াল ভাঙ্গিয়া ক্ষতিসাধন করে। বিবাদী যেকোনও সময় আমাকে রাস্তাঘাটে পাইলে খুন করিবে বলিয়া প্রাণনাশের হুমকি দেয়। অতএব উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয়।’অভিযোগটি সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হওয়া শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক নজরুল হকের। গত বছরের ১২ সেপ্টেম্বর বাড্ডা থানায় তিনি ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট কামাল হোসেন সরকারের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগটি দেন। পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে।অনুসন্ধান ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগটি ছাড়াও হত্যার হুমকির কথা উল্লেখ করে কামালসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় আরও কয়েকটি অভিযোগ দিয়েছিলেন নজরুল। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে দুটি মামলা করেন নজরুল। থানায় করা বিভিন্ন অভিযোগ সংযোজন করে একটি মামলার বিবরণীতে ‘পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি’ বলেও উল্লেখ করেন তিনি।পরিবারের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে বারবার থানায় মামলা করার জন্য ছুটে গিয়েছিলেন নজরুল। কিন্তু পুলিশ মামলা তো নেয়ইনি, বরং অভিযোগগুলোকে সাধারণ ডায়েরি হিসেবে নিয়ে ফাইলবন্দী করে রেখেছে। সেদিন পুলিশ তৎপর হলে হয়তো এ খুনের ঘটনা ঘটত না।জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয়েছিল। জানামতে, স্থানীয় বৈঠকে কামাল হোসেনের সঙ্গে বিরোধও মিটমাট হয়েছিল। ‘সুষ্ঠু ব্যবস্থা’র ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, আইনি ব্যবস্থা যা নেওয়ার তা-ই নেওয়া হয়েছে। গত ২৯ এপ্রিল মধ্যরাতে উত্তর বাড্ডার পূর্বাচল সড়কের নিজ বাসায় নজরুল হককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় আহত হন স্ত্রী সেলিনা হক ও ভাগনে এনামুল হক। সেলিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কামাল হোসেন ও তাঁর লোকজন নজরুলকে হত্যা করেছে। নজরুলের একমাত্র মেয়ে ফারহানা হক কামালকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পুলিশ কামালসহ ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত কামালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।ফারহানা হক অভিযোগ করেন, সাধারণ ডায়েরির জন্য নয়, তাঁর বাবা মামলার জন্য থানায় গিয়েছিলেন। কিন্তু ‘আঘাতের চিহ্ন’ নেই বলে পুলিশ প্রতিটি অভিযোগ জিডি হিসেবে নেয়। কিন্তু তার পরও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।জানতে চাইলে বাড্ডা থানার ওসি বলেন, আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছিল। আদালতে হওয়া মামলা তদন্তের প্রতিফলন বলেও ওসি দাবি করেন।জেলহাজতে কামাল: এদিকে তিন দিনের রিমান্ড শেষে কামাল হোসেনকে গত শনিবার আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রিমান্ডে কামাল হোসেন সরাসরি কোনো কিছু স্বীকার করেনি। তবে যেহেতু তার বিরুদ্ধে মামলা ও জিডি আছে, তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই রহস্য উন্মোচিত হবে বলে তদন্ত কর্মকর্তা জানান।স্বামীকে দেখতে মরিয়া সেলিনা: নজরুলের স্ত্রী আহত সেলিনা হক কিছুটা সুস্থ হয়ে উঠলেও এখনো তিনি জানেন না তাঁর স্বামীর মৃত্যুর খবর। তাঁকে বলা হয়েছে, তাঁর স্বামীকে আইসিইউতে রাখা হয়েছে, সেখানে কাউকে দেখা যায় না। তবে তিনি স্বামীকে দেখতে মরিয়া হয়ে উঠেছেন। পরিবার জানায়, নজরুল হকের করুণ মৃত্যুর পর মাকে নিয়ে বেশ দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় আছেন একমাত্র মেয়ে ফারহানা হক। এ পরিস্থিতিতে মামলার খোঁজখবরও নিতে পারছেন না তিনি।